স্প্যানিশ ফুটবল
Published : 17 Feb 2026, 03:19 PM
আক্রমণে ছিল না ধার। এগিয়ে যাওয়া গোল আগলে রাখার জন্য রক্ষণে যে দৃঢ়তা, তাড়না দরকার ছিল, তাও ছিল অনুপস্থিত। ভাগ্যও ছিল না পাশে। লা লিগায় জিরোনার বিপক্ষে হারের পর বার্সেলোনার ডিফেন্ডার পাও কুবার্সি অকপটে মেনে নিলেন, সব বিভাগেই কমতি ছিল তাদের।
মৌসুমের শেষ দিকে এসে এই ঘাটতি পুষিয়ে নিতে আত্মসমালোচনা করতে হবে, নত শিরে উন্নতির চেষ্টা চালিয়ে যেতে হবেও বলে মনে করেন কুবার্সি।
প্রতিপক্ষের মাঠে সোমবার লা লিগায় জিরোনার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে বার্সেলোনাকে এগিয়ে নিয়েছিলেন কুবার্সিই। এরপর তমাস লেমা সমতা ফেরানোর পর শেষদিকে ব্যবধান গড়ে দেন ফ্রান বেলত্রান।
কোপা দেল রে সেমি-ফাইনালের প্রথম লেগে গত বুধবার আতলেতিকোর মাঠে ৪-০ গোলে পর্যদুস্ত হয় বার্সেলোনা। সেই ধাক্কা সামলে ওঠা তো দূর অস্ত, লা লিগায় টানা তিন জয়ের যাত্রায়ও ছেদ পড়ল হান্সি ফ্লিকের দল।
এই হারে লিগ টেবিলে শীর্ষে ফেরাও হলো না বার্সেলোনার। ২৪ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দলটি। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ।
আতলেতিকোর মাঠে বিধ্বস্ত হওয়ার ধাক্কা সামলে উঠতে তেড়েফুঁড়ে জেগে ওঠার দরকার ছিল বার্সেলোনার। কিন্তু তার দেখা মিলেছে ছিটেফোঁটা। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য তাদের ২৬ শটের কেবল চারটি ছিল লক্ষ্যে। এমনকি ভাগ্যও হয়নি সহায়; দলটির তিনটি প্রচেষ্টা পোস্টে লাগে, এর মধ্যে একটি আবার স্পট কিক।
কুবার্সি অবশ্য ভাগ্যকে দূষছেন না। নিজেদের ঘাটতিটুকু স্বীকার করে নিলেন অকপটে। এগিয়ে যাওয়ার গোল পাওয়ার তিন মিনিটের মাথায় গোল হজম করাটা মেনে যেন মেনে নিতে পারছেন না এই ডিফেন্ডার।
“সকিছুতেই আমাদের একটু কমতি ছিল। আমাদের আত্মসমালোচনা করতে হবে। কিছু বিষয়ে আমাদের উন্নতি করা দরকার এবং আমাদের কাজগুলো দলীয়ভাবে করতে হবে।”
“আমার গোলের পর তারা (জিরোনা) খুবই দ্রুত সমতায় ফিরল। খুব দ্রুত আমরা তাদের ম্যাচে ফিরতে দিয়েছিলাম। আমরা এগিয়ে যাওয়ার পর পরই তারা (প্রতিপক্ষরা) যে গোলগুলো করে, আমাদের সেখানটায় উন্নতি করা প্রয়োজন। মাথা নত রাখতে হবে আমাদের এবং উন্নতি করতে হবে।”