৩ মাসের জন্য মাঠের বাইরে টের স্টেগেন
বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে জার্মান গোলরক্ষককে।
পিঠের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তিন মাস মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার এই জার্মান গোলরক্ষককে।
বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এই সিদ্ধান্তের কথা জানান ৩৩ বছর বয়সী টের স্টেগেন।
“চিকিৎসকরা ধারণা করছেন যে, কোনো ঝুঁকি এড়াতে সতর্কতা হিসেবে প্রায় তিন মাস সময় লাগবে (সেরে উঠতে)। এই সময়ের মধ্যে দলকে সাহায্য করতে না পারা অনেক কষ্টের।”
গত মৌসুমের শুরুতে হাঁটুতে পাওয়া চোটে সাত মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল টের স্টেগেনকে। সেবারও অস্ত্রোপচার করাতে হয়েছিল তার। মাঠে ফেরেন তিনি গত মে মাসে। এর আগে ২০২৩ সালে পিঠে অস্ত্রোপচারের পর দুই মাসের বেশি সময় বাইরে থাকতে হয়েছিল তাকে।
গত মাসে এস্পানিওল থেকে গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে বার্সেলোনা কেনার পর থেকে ক্লাবটিতে টের স্টেগেনের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। এই দুজনের পাশাপাশি কাতালান দলটিতে গোলরক্ষক হিসেবে আছেন আরও দুজন- ভয়চেখ স্ট্যান্সনি ও ইনিয়াকি পেনিয়া।
দীর্ঘদিন বার্সেলোনার মূল গোলরক্ষক ছিলেন টের স্টেগেন, দলটির অনেক সাফল্যের কারিগরও তিনি। গত মৌসুমের শুরুতে তার চোটের কারণেই স্ট্যান্সনির শরণাপন্ন হয় ক্লাবটি এবং অবসর ভেঙে তাদের সঙ্গে যোগ দেন এই পোলিশ গোলরক্ষক। সম্প্রতি দুই বছরের নতুন চুক্তি করেছেন তিনি।
সংবাদমাধ্যমের খবর, বার্সেলোনা দল প্রাক-মৌসুমের অনুশীলনে ফিরলেও টের স্টেগেন দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি।
