১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিএসজির মাঠে এনরিকের ‘বার্ডস-আই ভিউ’ কৌশল

বর্তমান শারীরিক অবস্থার জন‍্য প্রতিপক্ষের মাঠে অবশ‍্য এই কাজের ঝুঁকি নেবেন না পিএসজি কোচ।

পিএসজির মাঠে এনরিকের ‘বার্ডস-আই ভিউ’ কৌশল
পিএসজি কোচ লুইস এনরিকে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 07:14 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

কোচিংয়ে নতুন কিছু যোগ করার তাড়না থেকে নতুন একটি কৌশল নিয়েছেন লুইস এনরিকে। ডাগআউট নয়, খেলা দেখছেন গ‍্যালারিতে বসে। চোখে পড়ছে পুরো মাঠ, ভুল-ত্রুটি বুঝতে পারছেন আরও পরিষ্কারভাবে। পিএসজি কোচ বলেছেন, এতে দলের খেলা আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারছেন তিনি।  

ঘরের মাঠে গত রোববার লঁসের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম‍্যাচে প্রথম ‘বার্ডস-আই ভিউ’ পদ্ধতি ব‍্যবহার করেন এনরিকে। যা অব‍্যাহত ছিল প্যারিসে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষেও। প্রথমার্ধে দেখা গেছে গ্যালারিতে বসে খেলা দেখতে।

ইউরোপ সেরার প্রতিযোগিতার শিরোপা ধরে রাখার অভিযান শুরুর আগে এই কৌশল নিয়ে সম্প্রচারক কানাল প্লাসের সঙ্গে কথা বলেন এনরিকে।

“গত ম্যাচে যা করেছিলাম, এখনও সেটাই করছি, কারণ উপর থেকে আমি অনেক তথ্য পাই যা বিরতির সময় ব্যবহার করতে পারি। আরও তথ্য জানা থাকা আমার জন্য গুরুত্বপূর্ণ।”

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমটা দাপুটে জয়ে শুরু করে পিএসজি। আতালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় শিরোপাধারীরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ডাগআউটে আসেন এনরিকে। টাচলাইনের পাশে থেকে দলকে বিভিন্ন দিক নির্দেশনা দিতে দেখা যায় তাকে। আন্তর্জাতিক ফুটবলের বিরতির সময় সাইকেল দুর্ঘটনায় কলারবোন ভেঙে যাওয়ায় এখন স্লিঙ্গে বাঁ হাত ঝুলিয়ে কোচিং করাতে হচ্ছে এই স্প্যানিয়ার্ডকে।

গ্যালারিতে বসে খেলা দেখার কৌশলটি সাধারণত ব‍্যবহার করেন রাগবি কোচরা। তাদের পদ্ধতি অনুসরণ করার কারণ আতালান্তা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে খোলাসা করেন এনরিকে।

“লঁসের বিপক্ষে বিরতির সময় আমার আলোচনা সম্পূর্ণ ভিন্ন ছিল, কারণ আমি উপর থেকে খেলা দেখছিলাম। আমি দেখেছি কিসে উন্নতি করতে হবে এবং নিজেদের কিছু ভুলও দেখেছি।” 

“আমি অনেক দিন ধরে ভাবছি, কীভাবে কাজ করার পদ্ধতিতে নতুন কিছু যোগ করতে পারি, এবং আমাদের পারফরম্যান্সে উন্নতি আনতে পারে এমন যেকোনো কিছুর জন্য আমি সবসময়ই উন্মুখ।”

প্রতিপক্ষের মাঠে এমন কিছু করবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে এনরিকে বলেন, আপাতত সেখানে ডাগআউটেই থাকবেন।

“না। আমি এই সাহস দেখাব না। এখন এমন কিছু করার সাহস করব না, কারণ আমার শারীরিক পরিস্থিতি, যেটা এই মুহূর্তে ভালো অবস্থায় নেই।”