১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঝুলেই আছে হামজাদের কোচ নিয়োগ

বাফুফে সভাপতি শুক্রবারেই চুক্তির আনুষ্ঠানিকতা সারা হবে বলে সাত দিন আগে জানিয়েছিলেন।

ঝুলেই আছে হামজাদের কোচ নিয়োগ
সাত দিন আগে নতুন কুঁড়ির এই অনুষ্ঠানে গিয়ে তাবিথ আউয়াল বলেছিলেন, শুক্রবারের মধ্যেই কোচের সাথে চুক্তি করার কথা। ছবি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 08:55 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

কখনও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, কখনও বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, ১৫ মে’র মধ্যে জাতীয় দলের কোচ চূড়ান্ত করার কথা। কিন্তু তা কথার কথা-ই থেকে যাচ্ছে। শুক্রবার দিন গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি চূড়ান্ত করতে পারেনি,  জাতীয় দলের ডাগআউটে সামনের দিনে দাঁড়াবেন কে। 

এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বেশ কিছুদিন ধরে। তবে, সাত দিন আগে নতুন কুঁড়ির অনুষ্ঠানে গিয়ে তাবিথ বলেছিলেন, শুক্রবারের মধ্যেই চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলবেন তিনি।

“১১ জনের সাক্ষাৎকার বর্তমানে অনলাইনে চলছে। আগামীকালও হবে। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি সাক্ষাৎকার নিচ্ছে। যখন ১১ জনের সাক্ষাৎকার চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে ফাইনাল কোচের সিদ্ধান্ত নেব। লক্ষ্য হলো রোববারের ভেতর একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এবং ১৫ মের ভেতরে আমরা চাই পরবর্তী কোচের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে।”

তাবিথের সেই চাওয়া চাওয়াই রয়ে গেছে। বাফুফের পক্ষ থেকে শুক্রবার কিছুই জানানো হয়নি। তবে এই ইস্যুতে এদিনও কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগের উদ্বোধনে এসে তিনি শুনিয়েছেন দুই-তিন দিনের মধ্যে কোচ ইস্যু সমাধানের আশাবাদ।

“আমরা ইতিমধ্যে বাফুফে প্রেসিডেন্ট এবং তাদের যে টিম রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং বেশ কয়েকদিন আগে কথা হয়েছে; পাশাপাশি গতকাল রাতেও তার সাথে আমার কথা হয়েছে। যেহেতু একটি সংক্ষিপ্ত তালিকায় হয়েছে, আমরা আশা করছি আগামী দুই-তিন দিনের ভিতরেই আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ কোচ।”

“যার হাত ধরে বাংলাদেশের ফুটবল, আমরা আশা করছি অনেকদূর এগিয়ে যাবে, সেই ধরনের একটি কর্মপরিকল্পনা ও প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের আরও হয়তোবা দুই-একদিন অপেক্ষা করতে হবে। তারপর আপনাদের সেই প্রত্যাশিত যে ফল (খবর) যেটির জন্য আপনারা অপেক্ষমাণ রয়েছেন, সেটা আপনারা জানতে পারবেন।”

সম্ভাব্য কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে গ্যারেথ বেলদের সাবেক কোচ ক্রিস কোলম্যানের নাম। তবে গণমাধ্যমের খবর, বৃটিশ এই কোচকে আনতে বেতন ও কর মিলিয়ে মাসে ৩৬ হাজার ডলার প্রয়োজন। এই অর্থের সংস্থান এখনও করতে পারেনি বাফুফে। সরকারের কাছে সহযোগিতা পাওয়ার আশা নিয়ে তাকিয়ে আছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।