Published : 21 May 2026, 07:58 PM
এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রায় ৩০টি গোল করা আর্সেনাল হজম করেছে ১০টিরও কম। সংখ্যাগুলোই বলে দিচ্ছে, রক্ষণে কতটা শক্তিশালী তারা। দৃঢ়তার সঙ্গে রক্ষণ সামলানোর পাশাপাশি প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে যেভাবে চাপ তৈরি করে ইংলিশ দলটি, তাতে মুগ্ধ লুইস এনরিকে। বিশেষ করে, এই জায়গায় আর্সেনালকে বিশ্বের সেরা মনে করেন পিএসজি কোচ।
আর্সেনালের বিপক্ষেই ইউরোপ সেরার প্রতিযোগিতার ফাইনালে লড়বে শিরোপাধারী পিএসজি। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় আগামী ৩০ মে মাঠে গড়াবে লড়াইটি।
অপরাজিত থেকে এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। এখনও প্রতিযোগিতাটির শিরোপা জিততে না পারা দলটি দ্বিতীয়বারের মতো খেলতে যাচ্ছে ফাইনালে। ২০০৬ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে বার্সেলোনার বিপক্ষে স্বপ্ন ভেঙেছিল তাদের।
চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে এখন পর্যন্ত ২৯টি গোল করেছে আর্সেনাল, হজম করেছে স্রেফ ছয়টি। একই ঘরানার ফুটবল খেলে এবার ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে দলটি। ঘরোয়া শীর্ষ লিগে এখন পর্যন্ত ৩৭ রাউন্ড শেষে ৬৯ গোল করে ২৬টি হজম করেছে তারা।
আর্সেনাল রক্ষণ জমাট রেখে খেললেও, পিএসজির ধরন আবার ভিন্ন। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখে ফরাসি চ্যাম্পিয়নরা। আলাদা দুই কৌশলের ফুটবল খেলা দলের মধ্যে জমজমাট একটা ফাইনালের আশা করছেন এনরিকে।
“মিকেল আর্তেতার আর্সেনালের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের হয়েছে। বল পায়ে তারা কতটা দুর্দান্ত, ভালো করেই জানি। বল যখন পায়ে থাকে না, তখন তারা বিশ্বের সেরা দল, এনিয়ে কোনো সন্দেহ নেই। আর বল পায়ে থাকলে তো তারা প্রচুর গোল করতে সক্ষম।”
“তাই ফাইনালে তাদের দেখাটা খুবই স্বাভাবিক। দুটি ভিন্ন কৌশলের দলের মধ্যে খুবই কঠিন লড়াই হতে যাচ্ছে। তবে আমার মনে হয়, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল হবে।”
চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেমি-ফাইনালে আর্সেনালকে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে হারিয়েই ফাইনাল খেলে পিএসজি।