২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের মাঝপথে তিউনিসিয়ার কোচ হলেন হোনাহ

সুইডেনের বিপক্ষে ভরাডুবির পর ছাঁটাই হওয়া সাবরি লামৌচির জায়গায় এলেন তিনি।

বিশ্বকাপের মাঝপথে তিউনিসিয়ার কোচ হলেন হোনাহ
তিউনিসিয়ার নতুন কোচ এহভে হোনাহ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 01:59 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

জাপানের বিপক্ষে ম‍্যাচের আগে নতুন কোচ পেলেন তিউনিসিয়ার খেলোয়াড়রা। ছাঁটাই হওয়া সাবরি লামৌচির জায়গায় এলেন আরেক ফরাসি কোচ এহভে হোনাহ।

সুইডেনের বিপক্ষে ৫-১ ব‍্যবধানে হারার কয়েক ঘণ্টা পর ছাঁটাই হন লামৌচি। জানুয়ারিতে তিউনিসিয়ার কোচ হন তিনি, চুক্তি ছিল ২০২৮ পর্যন্ত। চলতি আসরে প্রথম কোচ হিসেবে বরখাস্ত হন তিনি। 

আগামী রোববার জাপানের বিপক্ষে খেলবে তিউনিসিয়া। ২৬ জুন গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল‍্যান্ডস।

লামৌচির কোচিংয়ে পাঁচ ম‍্যাচ খেলে কেবল একটিতে জিতেছে তিউনিসিয়া। মার্চে হাইতির বিপক্ষে ১-০ গোলে জিতেছিল তারা। পরে অস্ট্রিয়ার বিপক্ষে হারে ১-০ গোলে। বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম‍্যাচে বেলজিয়ামের বিপক্ষে বিধ্বস্ত হয় ৫-০ গোলে। 

সামাজিক মাধ‍্যমে এক বিবৃতিতে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন জানায়, বিশ্বকাপের শেষ পর্যন্ত কোচ হিসেবে থাকবেন হোনাহ। তবে বিশ্বকাপের পর তার সঙ্গে লম্বা সময়ের চুক্তির পথও খোলা রয়েছে। 

তিউনিসিয়ার গণমাধ‍্যমের খবর অনুযায়ী মঙ্গলবার মন্তেরেইয়ে দলের সঙ্গে যোগ দেবেন হোনাহ। দুইবারের আফ্রিকা কাপ অব নেশন্স জয়ী এই কোচ ২০২২ বিশ্বকাপে ছিলেন সৌদি আরবের কোচ। শেষ পর্যন্ত শিরোপা জেতা আর্জেন্টিনার অজেয় যাত্রা থামিয়ে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের একটির জন্ম দেয় তার দল। 

২০২৩ বিশ্বকাপ ও প‍্যারিস অলিম্পিকে ফ্রান্স নারী দলের কোচ ছিলেন হোনাহ। পরে সৌদি আরবে ফিরে দলটিকে টানা তৃতীয়বার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যান তিনি। 

হোনাহর জায়গায় গিওর্গিওস দনিসকে কোচ করে বিশ্বকাপে খেলছে সৌদি আরব।