২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনা থেকে ধারে লিভারপুলে আরাউহো

উরুগুয়ের ডিফেন্ডারকে নিয়ে চোট জর্জরিত রক্ষণে শক্তি বাড়াল ইংলিশ ক্লাবটি।

বার্সেলোনা থেকে ধারে লিভারপুলে আরাউহো
রোনাল্‌দ আরাউহো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 01:00 AM

Updated : 11 Sep 2026, 03:49 PM

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণাও এসে গেল। বার্সেলোনা থেকে এক মৌসুমের জন্য ধারে লিভারপুলে যোগ দিলেন ডিফেন্ডার রোনাল্‌দ আরাউহো।

প্রিমিয়ার লিগের ক্লাবটি সোমবার এই ঘোষণা দিয়েছে। চোট জর্জরিত রক্ষণে শক্তি বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে তারা।

ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ধারের মেয়াদ শেষে উরুগুয়ের ২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে প্রায় ৪ কোটি ৭০ লাখ পাউন্ডে কিনে নেওয়ার শর্তও রাখা হয়েছে চুক্তিতে।

বার্সেলোনার হয়ে আরাউহো খেলেছেন দুইশর বেশি ম্যাচ, জিতেছেন তিনটি লা লিগা ও দুটি কোপা দেল রে শিরোপা। গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন ধারে চলে যাওয়ার পর, গত জানুয়ারিতে তাকে অধিনায়কত্ব দেওয়া হয়।

কিন্তু গত মৌসুমে বার্সেলোনার ২৯তম লা লিগা শিরোপা জয়ের পথে লিগে মাত্র ১১টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন আরাউহো, যিনি রাইট-ব্যাক হিসেবেও খেলতে পারেন।

কাম্প নউয়ে তার চুক্তির মেয়াদ আছে ২০৩১ সাল পর্যন্ত।

আরাউহো এমন এক সময়ে লিভারপুলে যোগ দিলেন, যখন জো গোমেজসহ দলটির বেশ কয়েকজন ডিফেন্ডার চোটের কারণে বাইরে আছেন। ৩৫ বছর বয়সী অধিনায়ক ভার্জিল ফন ডাইক একমাত্র সিনিয়র সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে পুরোপুরি ফিট আছেন।

লিভারপুল তাদের প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে আগামী ২৩ অগাস্ট, নিউক্যাসল ইউনাইটেডের মাঠে।