Published : 29 Jul 2026, 12:23 PM
তিউনিসিয়ার কোচের মিউজিক্যাল চেয়ারে এবার বসলেন মুইন শাবানি। দুই কোচ নিয়ে বিশ্বকাপে চরম বিপর্যয়ের পর ক্লাব ফুটবলের সফল এই কোচের কাঁধে জাতীয় দলের দায়িত্ব তুলে দিল তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন। ৪৫ বছর বয়সী কোচের চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।
চলতি তিউনিসিয়ার চতুর্থ কোচ শাবানি। ২০২৪ সালের শুরু থেকে এই পর্যন্ত আট কোচ পেলেন এই দলের দায়িত্ব।
সদ্য সমাপ্ত বিশ্বকাপেই তিউনিসিয়ার দায়িত্ব সামলেছেন দুজন কোচ। অনেক আশা নিয়ে বিশ্ব আসরে গিয়ে চরমভাবে মুখ থুবড়ে পড়ে ‘ঈগলস অব কার্থেজ’ নামে পরিচিত দলটি। বাছাইয়ে ১০ ম্যাচে একটিও গোল হজম করেনি যে দল, বিশ্বকাপে তাদের জালে ১২ গোল ঢুকেছে তিন ম্যাচেই!
প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫ গোল খাওয়ার পরই কোচ সাব্রি লামুশিকে সরিয়ে দেওয়া হয়। অভাবনীয়ভাবে বিশ্বকাপ চলার সময়ই কোচ বদল করা হয়, দায়িত্ব পান ফরাসি কোচ এহবে হোনাহ। তবে বিশ্ব ফুটবলেরর দারুণ অভিজ্ঞ এই কোচও তেমন কিছু বদলাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হারে তিউনিসিয়া, পরে নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে।
পয়েন্ট ও গোল পার্থক্য সব বিবেচনায় নিয়ে বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে তিউনিসিয়ার অবস্থান ছিল ৪৭তম।
বিশ্বকাপ বিপর্যয়ের পর হোনাহকেও আর দায়িত্বে রাখা হয়নি। এবার দীর্ঘমেয়াদে নিয়োগ পেলেন শাবানি।
১২ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার জাতীয় দলের দায়িত্ব নিলেন সাবেক এই ডিফেন্ডার। খেলোয়াড়ি জীবনে ছয়বার তিউনিসিয়ার শীর্ষ লিগ জিতেছিলেন তিনি। পরে তার কোচিংয়ে তিনবার লিগ জিতেছে এসপারেন্স দু তিউনিস ক্লাব, দুবার করে জিতেছে তিউনিসিয়ান সুপার কাপ ও সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ।
সবশেষ তিনি ছিলেন মরক্কোর ক্লাব এএস বারকানের দায়িত্বে। তার কোচিংয়ে মরক্কোর শীর্ষ লিগ ও সিএএফ কনফেডারেশন কাপ জয় করে বারকান।