১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টানা ১১ জয়ে শেষ আটে দল, তবে উচ্ছ্বাসের কিছু দেখছেন না বার্সেলোনা কোচ

মৌসুমে সব শিরোপা জয়ের পথে ভালোমতোই এগিয়ে যাচ্ছে হান্সি ফ্লিকের দল।

টানা ১১ জয়ে শেষ আটে দল, তবে উচ্ছ্বাসের কিছু দেখছেন না বার্সেলোনা কোচ
বার্সেলোনার অনুশীলনে হাস‍্যোজ্জ্বল কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 03:36 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

চিরপ্রতিদ্বন্দ্বীরা যেখানে হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, বারবার খাচ্ছে হোঁচট, সেখানে দারুণ ছন্দে এগিয়ে চলেছে বার্সেলোনা। নতুন বছরে ইতোমধ্যে একটা ট্রফিও ঘরে তুলেছে দলটি। টানা জয়ের ধারায় এগিয়ে তারা পৌঁছে গেছে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে। তবে এতে অতি উচ্ছ্বাসের কিছু দেখছেন না দলটির কোচ হান্সি ফ্লিক।

বরং দ্বিতীয় স্তরের দল রেসিং সান্তাদেরকে ২-০ গোলে হারিয়ে, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা একাদশ জয়ের পর, এই জার্মান কোচ বললেন, “এটা কিছুই নয়।”

রেয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের তিন দিন পর, বৃহস্পতিবার রাতে রেসিংয়ের বিপক্ষে ফেররান তরেস ও লামিনে ইয়ামালের গোলে জিতেছে বার্সেলোনা। আগের দিন দ্বিতীয় স্তরেরই আরেক ক্লাব আলবাসেতের বিপক্ষে হেরে প্রতিযোগিতাটি থেকে বিদায় নিয়েছে রেয়াল।   

এই টানা ১১ জয় ক্লাবের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সফল জয়যাত্রা; ২০০৫-০৬ মৌসুমে ফ্রাঙ্ক রাইকার্ডের কোচিংয়ে রেকর্ড টানা সর্বোচ্চ ১৮ ম্যাচ জিতেছিল কাতালান দলটি।

রেসিংয়ের বিপক্ষে বল দখল ও আক্রমণে আধিপত্য করা জয়ে স্বাভাবিকভাবেই খুশি ফ্লিক। তবে দ্বিতীয় সর্বোচ্চ টানা জয়ে বিশেষ কিছু দেখছেন না কোচ।

“পরিসংখ্যান নিয়ে আসলে আমি ভাবি না। নিজেদের জন্য, ক্লাব ও সমর্থকদের জন্য আজ জিততে পারায় আমি খুশি। এর অর্থ হলো আমরা পরের ধাপে উঠেছি এবং এটাই আমরা চাই।”

বার্সেলোনা সবশেষ হারের তেতো স্বাদ পেয়েছে গত ২৫ নভেম্বরে, চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে ৩-০ গোলে। এরপর টানা জয়ের পথে এগিয়ে লা লিগায় রেয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে ফ্লিকের দল। 

এছাড়া স্প্যানিশ সুপার কাপে সেমি-ফাইনাল ও ফাইনাল জিতে উঁচিয়ে ধরেছে ট্রফি। আর এবার কোপা দেল রের শিরোপা ধরে রাখার পথে উঠল শেষ আটে।