১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘সেরা বিশ্বকাপ’ কাটিয়ে আরও বেশি চাই সালাহর

গ্রুপ পর্ব পেরিয়ে এবার শেষ ষোলোয় খেলার পর, কেবল বিশ্বকাপে জায়গা পাওয়াকে আর যথেষ্ট মনে করছেন না মিশর অধিনায়ক।

‘সেরা বিশ্বকাপ’ কাটিয়ে আরও বেশি চাই সালাহর
মোহামেদ সালাহ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 01:04 AM

Updated : 11 Sep 2026, 03:37 PM

১৬ দলের বিশ্বকাপে সরাসরি শেষ ষোলোয় খেলার সুযোগ মিলেছিল ১৯৩৪ সালে। তাই, এবারের সঙ্গে সেই আসর তুলনীয় নয় কোনোভাবেই। গ্রুপ পর্বে তীব্র লড়াইয়ের পর জায়গা পেতে হয়েছে নকআউট পর্বে। শেষ বত্রিশে অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে আসতে হয়েছে শেষ ষোলোয়। সবদিক থেকে এবারই সেরা সময় কাটিয়েছে মিশর। এরপর আর স্রেফ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েই সন্তুষ্ট হবেন না অধিনায়ক মোহামেদ সালাহ।  

কোয়ার্টার-ফাইনালে যাওয়ার লড়াইয়ে ৭৮তম মিনিট পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে ২-০ ব‍্যবধানে এগিয়ে ছিল মিশর। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি সালাহরা, হেরে যান ৩-২ গোলে। 

ম‍্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান এবং কয়েকজন খেলোয়াড় রেফারির কিছু সিদ্ধান্তের বিরোধিতা করেন। উইঙ্গার মোস্তাফা জিকো অভিযোগ করেন এই টুর্নামেন্ট পাতানো, বিশ্বকাপ আর্জেন্টিনাকে দিয়েই দেওয়া হয়েছে। 

তবে সামাজিক মাধ‍্যমে দেওয়া বার্তায় এসব নিয়ে কিছু বলেননি সালাহ। তিনি সবাইকে সামনে তাকাতে বললেন।

“আমি জানি আপনারা এখনও হতাশ। তবে আপনাদের আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আন্তর্জাতিক পর্যায়ে এটাকে মিশরের নতুন শুরু হিসেবে নিশ্চিত করতে আমি আমার সাধ‍্যের সবটুকু দিয়ে চেষ্টা করব। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া এবং স্রেফ অংশ নেওয়াই যথেষ্ট হবে না। আপনাদের আস্থা এই দলের প্রাপ‍্য।” 

গত মৌসুম শেষে লিভারপুল ছেড়েছেন সালাহ। এখনও কোনো ক্লাবে যোগ দেননি অভিজ্ঞ ফরোয়ার্ড।