১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্রিস্টাল প্যালেসের গেয়িকে চায় লিভারপুল

গণমাধ্যমের খবর সত্যি হলে, এবারের গ্রীষ্মকালীন দলবদলে লিভারপুলের মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৫০ কোটি পাউন্ড।

ক্রিস্টাল প্যালেসের গেয়িকে চায় লিভারপুল
মার্ক গেয়ি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 10:27 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

রক্ষণভাগ আরও মজবুত করতে ক্রিস্টাল প্যালেসের অধিনায়ক মার্ক গেয়িকে অ‍্যানফিল্ডে আনতে চায় লিভারপুল। ব্রিটিশ গণমাধ্যমের খবর, সাড়ে তিন কোটি পাউন্ডের বিনিময়ে ইংলিশ এই সেন্টার-ব্যাককে কিনতে প্যালেসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে অ্যানফিল্ডের ক্লাবটি।

প্রিমিয়ার লিগে রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্যালেসের ৩-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেন গেয়ি। স্কাই স্পোর্টস লিখেছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই লন্ডনে মেডিকেল হয়েছে তার।

গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেকসান্দার ইসাককেও ১৩ কোটি পাউন্ডে লিভারপুল দলে নিতে চলেছে বলে গণমাধ্যমের খবর। দুই চুক্তিই সম্পন্ন হলে এবারের গ্রীষ্মকালীন দলবদলে ক্লাবটির মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৫০ কোটি পাউন্ড।

চেলসির একাডেমি থেকে উঠে আসা ডিফেন্ডার গেয়ি সোয়ানসি সিটিতে দুই বছর ধারে খেলার পর ২০২১ সালে যোগ দেন প্যালেসে। ২০২২ সালে ইংল্যান্ড দলে অভিষেক হওয়ার পর থেকে তিনি জাতীয় দলের নিয়মিত মুখ।

গত মৌসুমে প্যালেসের ঐতিহাসিক এফএ কাপ জয়ী দলের অংশ ছিলেন তিনি। তাই তার সম্ভাব্য বিদায় ক্লাব সমর্থকদের জন্য যেমন হতাশার, তেমনি কোচ অলিভার গ্লাসনারের জন্য দুর্ভাবনার। অধিনায়কের চলে যাওয়ার গুঞ্জনের প্রেক্ষিতে একদিন আগেই তিনি বলেছিলেন, ‘আমাদের অবশ্যই তাকে ধরে রাখতে হবে।’