১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ম‍্যাচ পেছাতে ক্রিস্টাল প্যালেসের অনুরোধে আপত্তি আর্সেনালের

আর্সেনাল কোচ মিকেল আর্তেতার মতে, নতুন সূচিতে ৪৮ ঘণ্টার ব‍্যবধানে ম‍্যাচ খেলা দুই দলের জন‍্যই একইরকম হবে।

ম‍্যাচ পেছাতে ক্রিস্টাল প্যালেসের অনুরোধে আপত্তি আর্সেনালের
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 04:42 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ব‍্যস্ত সূচির মধ‍্যে যোগ হয়েছে নতুন এক ম‍্যাচ, লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে ক্রিস্টাল প‍্যালেসের খেলতে হবে আর্সেনালের বিপক্ষে। পাঁচ দিনের মধ‍্যে তিন ম‍্যাচ এড়াতে শেষ আটের লড়াই এক সপ্তাহ পেছানোর অনুরোধ করেছে প‍্যালেস। তবে এতে রাজি নয় আর্সেনাল। দলটির কোচ মিকেল আর্তেতা মনে করেন, নতুন সূচিতে ৪৮ ঘণ্টার ব‍্যবধানে ম‍্যাচ খেলা দুই দলের জন‍্যই অন‍্যায‍্য হবে।  

আগামী ১৬ ডিসেম্বর লিগ কাপের সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে প‍্যালেস ও আর্সেনাল। এই ম‍্যাচ এক সপ্তাহ পর ২৩ ডিসেম্বর খেলতে চায় প‍্যালেস। ওই প্রস্তাবের বিরোধিতা করেছে আর্সেনাল।

এমনিতেই প‍্যালেসের সূচি বেশ ব‍্যস্ত। আগামী ১৪ ডিসেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে তারা খেলবে ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে। ১৮ ডিসেম্বর কনফারেন্স লিগে ফিনল্যান্ডের কুয়োপিওন পালোসেউরার মুখোমুখি হবে প‍্যালেস। পরে ২১ ডিসেম্বর প্রিমিয়ার লিগের ম‍্যাচ খেলবে লিডস ইউনাইটেডের মাঠে। 

এর মাঝে আর্সেনালের ম‍্যাচও যোগ হওয়ায় এখন ৫ দিনে খেলতে হবে ৩ ম‍্যাচ, ৮ দিনে ৪ ম‍্যাচ, আরও বড় পরিসরে দেখলে ১১ দিনে ৫ ম‍্যাচ।  

লিগ কাপের ম‍্যাচ এক সপ্তাহ পেছানোর পক্ষে প‍্যালেস যুক্তি দিচ্ছে যে, খেলোয়াড়দের রিকভারির করার জন‍্য সমান সময় পাওয়া উচিত। সেই সপ্তাহে আর্সেনাল তাদের লিগের ম্যাচটি খেলবে এক দিন আগে, অর্থাৎ ১৩ ডিসেম্বর; উলভারহ‍্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে। 

২৩ ডিসেম্বর ছাড়াও ২৪ ডিসেম্বরেও খেলার প্রস্তাব দিয়েছিল প‍্যালেস। তবে মেট্রোপলিটন পুলিশ ও লন্ডন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ আলোচনার পর সেই ভাবনা বাতিল হয়ে যায়। কারণ, বড়দিনের আগের দিন গণপরিবহন সেবা সীমিত থাকবে।

ঘরের মাঠে আর্সেনালও বড়দিনের আগের দিন খেলার প্রস্তাবের বিরোধিতা করেছিল। ২৩ ডিসেম্বরের প্রস্তাব নিয়েও একই অবস্থান তাদের। কারণ ২১ ডিসেম্বর এভারটনের মাঠে খেলবে তারা। আর্সেনাল কোচ আর্তেতা প‍্যালেসের প্রস্তাব নিয়ে নিজেদের ভাবনা পরিষ্কার করেন। 

“আমি মনে করি না এটা ন্যায্য। কারণ আমাদেরও অন্য প্রতিযোগিতা আছে, আমাদেরও মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। মৌসুমের শুরুতেই আমরা জানতাম, প্রতিটি দল কতগুলো প্রতিযোগিতায় খেলছে।”

“ভারসাম‍্যের দিক থেকে সম্ভাব‍্য সেরা উপায়ে সবার জন‍্য সময় বের করে নেওয়ার চেষ্টা করতে হবে আমাদের…  অন‍্য সময়ও আছে (২৩ ডিসেম্বর ছাড়াও)। বিশ্বাস করুন, এটার চেয়ে অনেক ভালো অন‍্য বিকল্প আছে, আমরা এরই মধ‍্যে সেই প্রস্তাব দিয়েছি।”

ব‍্যস্ত সূচির বিন‍্যাস খেলোয়াড়দের কল‍্যাণ ও ন‍্যায‍্যতার সঙ্গে করার তাগিদ দিলেন আর্তেতা। সতর্ক করে দিয়ে স্প‍্যানিশ এই কোচ বললেন, অন‍্যথায় একসময় হয়তো প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার কথা ভাববে ক্লাবগুলো।