‘লিভারপুলে যেতে আগ্রহী’ ইসাককে ফিরে পেতে চান নিউক্যাসল কোচ
তবে আপাতদৃষ্টিতে নিউক্যাসল ইউনাইটেডে সুইডিশ এই ফরোয়ার্ডকে ঘিরে সবকিছু বেশ জটিল হয়ে পড়েছে।
ক্লাবের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের গুরুতর অভিযোগ তুলে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছেন আলেকসান্দার ইসাক। ক্লাব নিউক্যাসল ইউনাইটেড আবার তার বিরুদ্ধে ‘মিথ্যা বলার’ পাল্টা অভিযোগ করায় সবকিছু আরও ঘোলাটে হয়ে গেছে। দুই পক্ষের মাঝে সম্পর্কটা আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা এখন বেশ ক্ষীণ।
নিউক্যাসল কোচ এডি হাউ অবশ্য আশাবাদী গত মৌসুমে দলের দ্যুতিময় পারফরম্যান্সের নায়ক ইসাককে আবার দলে ফিরে পাবেন। যদিও তিনি জোর দিয়ে কিছু বলতে পারছেন না।
ইসাক-নিউক্যাসল জটিলতার মাঝে আরেক নাম লিভারপুল। সুইডিশ ফরোয়ার্ড খুব করে লিভারপুলে যোগ দিতে চান বলে অনেক দিন ধরে শোনা যাচ্ছে। অ্যানফিল্ডের দলটিও নাকি সম্প্রতি ১১ কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছিল, কিন্তু নিউক্যাসল তা ফিরিয়ে দিয়েছে।
ইসাককে ঘিরে ত্রিমুখী ঘটনা অপ্রীতিকর মোড় নেয় গত মঙ্গলবার; সামাজিক মাধ্যমে এক পোস্টে ক্লাবের বিরুদ্ধে পূর্বে দেওয়া কথা রাখেনি বলে অভিযোগ করেন ইসাক। পরে পাল্টা প্রতিক্রিয়ায় নিউক্যাসল জানায়, ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে বিক্রি করে দেওয়ার কোনো ‘অঙ্গীকার’ তারা কখনও করেনি।
গত শনিবার প্রিমিয়ার লিগে যাত্রা শুরুর ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ইসাককে ছাড়াই খেলে নিউক্যাসল। সপ্তাহখানেক ধরে দলের সঙ্গে অনুশীলনও করছেন না তিনি। কোচ হাউয়ের কথায়ও ইসাককে ঘিরে জটিল অবস্থার আভাস মিলল।
“এই সপ্তাহে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, কিন্তু তার সঙ্গে দেখা হলে আমরা স্বাভাবিকভাবেই কথা বলব। আমাদের মাঝে কোনো সমস্যা নেই। দুই পক্ষ থেকেই পরিস্থিতি বেশ কঠিন এবং আদর্শ অবস্থা থেকে অনেক দূরে।”
“দেখা হলে আমরা কথা বলব। তবে যেমনটা বললাম, এই সপ্তাহে তাকে দেখিনি আমি, কারণ সে পরে (আলাদা) অনুশীলন করে এবং দল থেকে তাকে আলাদা রাখা হয়েছে। একটা পর্যায়ে অবশ্যই আমাদের দেখা হবে এবং আশা করি খুব শিগগিরই।”
গণমাধ্যমের খবর, লিভারপুল নতুন প্রস্তাব দিলে গ্রহণ করবে নিউক্যাসল। ইসাকও নাকি সেই আশায় আছেন।
তবে যাই হোক না কেন, সেটা আগামী ১ সেপ্টেম্বর দলবদলের সময় শেষের আগেই হতে হবে। অন্যথায় কী হবে? হাউ বললেন, শেষ পর্যন্ত ইসাক এখানে থেকে গেলে অবশ্যই তাকে স্কোয়াডে স্বাগত জানাবেন তিনি।
“হ্যাঁ, অবশ্যই (সে স্কোয়াডে ফিরবে)। আমাদের সঙ্গে সে চুক্তিবদ্ধ, সে আমাদের খেলোয়াড়। সোমবার রাতে সে আমাদের সঙ্গে খেললে দারুণ হতো। কিন্তু সে খেলবে না এবং এটা হতাশার।”
আগামী সোমবার ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে লিভারপুলের মুখোমুখি হবে নিউক্যাসল।
