১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মরিনিয়ো রেয়াল মাদ্রিদে ফিরলে খুশি হবেন আরবেলোয়া

রেয়াল মাদ্রিদ কোচ তার সম্ভাব্য উত্তরসূরিকে নিয়ে খোলামেলাভাবেই কথা বললেন।

মরিনিয়ো রেয়াল মাদ্রিদে ফিরলে খুশি হবেন আরবেলোয়া
জোসে মরিনিয়ো (বাঁয়ে) ও আলভারো আরবেলোয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 09:45 PM

Updated : 11 Sep 2026, 02:27 PM

আলভারো আরবেলোয়ার কাছে জোসে মরিনিয়োই ‘নাম্বার ওয়ান।’ অভিজ্ঞ পর্তুগিজ কোচ আগামী মৌসুমে রেয়াল মাদ্রিদের দায়িত্ব নিলে তিনি খুশিই হবেন, বললেন দলটির বর্তমান কোচ। 

রেয়ালের সম্ভাব্য নতুন কোচ হিসেবে বেশ জোরেশোরে শোনা যাচ্ছে মরিনিয়োর নাম। যদিও সম্প্রতি রেয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস সেই সম্ভাবনা উড়িয়ে দেন। এরপরও, মরিনিয়োর সান্তিয়াগো বের্নাবেউয়ে আসা নিয়ে গুঞ্জন থেমে নেই।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর খবর, বর্তমানে বেনফিকার দায়িত্বে থাকা ৬৩ বছর বয়সী এই কোচ রেয়ালে ফেরার ব্যাপারে মৌখিকভাবে রাজি হয়েছেন।

২০১০ থেকে ২০১৩ পর্যন্ত যখন রেয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনিয়ো, তখন তার কোচিংয়ে খেলেছিলেন আরবেলোয়া। সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে সাবেক কোচকে নিয়ে খোলামেলাভাবেই কথা বললেন এই স্প্যানিয়ার্ড। 

“একজন সাবেক (মাদ্রিদ) খেলোয়াড় ও মাদ্রিদিস্তা হিসেবে আমার কাছে জোসে মরিনিয়ো এক নম্বর। তিনি আমাদেরই একজন।”

“আগামী বছর (মৌসুম) তিনি ফিরে এলে, তাকে ঘরে ফিরতে দেখে আমি খুব খুশি হব।”

শাবি আলোন্সোর বিদায়ের পর গত জানুয়ারিতে রেয়ালের দায়িত্ব নেন আরবেলোয়া। কিন্তু কোনো বড় শিরোপা ছাড়াই টানা দ্বিতীয় মৌসুম শেষ করতে যাচ্ছে ইউরোপের সফলতম ক্লাবটি।