বতাফোগোর নতুন কোচ আনচেলত্তির ছেলে
বাবা কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে কয়েকটি ক্লাবে কাজ করার পর প্রথমবার কোনো দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন দাভিদে আনচেলত্তি।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছিল আগেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বতাফোগোর নতুন প্রধান কোচ হলেন কার্লো আনচেলত্তির ছেলে দাভিদে আনচেলত্তি।
ব্রাজিলিয়ান ক্লাবটি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে এই খবর। ৩৫ বছর বয়সী দাভিদের সঙ্গে তাদের চুক্তি এক বছরের।
এই প্রথম কোনো দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন দাভিদে। এর আগে বাবা কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন ও সবশেষ রেয়াল মাদ্রিদে কাজ করেন তিনি।
গত মৌসুম শেষে রেয়ালের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হন আনচেলত্তি। বাবার সঙ্গে ইউরোপের সফলতম ক্লাবটি ছাড়েন দাভিদেও।
তখনই শোনা গিয়েছিল, কোনো ক্লাবের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করতে পারেন তিনি। বতাফোগোর দায়িত্ব নিয়ে শুরু হচ্ছে তার নতুন এই অভিযান।
চলমান ক্লাব বিশ্বকাপে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে চমক জাগানিয়া জয়ের পর শেষ ষোলো থেকে বিদায় নেয় বতাফোগো। এরপরই তখনকার কোচ হেনাতো পাইভাকে বরখাস্ত করে ক্লাবটি। দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসেই ক্লাবের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন এই পর্তুগিজ কোচ।
ব্রাজিলের শীর্ষ লিগে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে আছে বতাফোগো।
