১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সোসিয়েদাদের বিপক্ষে অনিশ্চিত রাফিনিয়া

গণমাধ্যমের খবর, শনিবারের দলের সঙ্গে অনুশীলন করেননি বার্সেলোনা ফরোয়ার্ড।

সোসিয়েদাদের বিপক্ষে অনিশ্চিত রাফিনিয়া
বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 11:49 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

ছন্দে থাকা রাফিনিয়াকে নিয়ে জেগেছে শঙ্কা। রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের খেলা অনিশ্চিত বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

বাংলাদেশ সময় রোববার রাত ২টায় শুরু হবে বার্সেলোনা ও সোসিয়েদাদের লড়াই। এর আগের দিন সংবাদ সম্মেলনে এলো রাফিনিয়ার চোটের প্রসঙ্গ।

চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৩-০ ব্যবধানে হারের পর, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে জিতেছে বার্সেলোনা। এর মধ্যে আছে গত রোববার রেয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালও। 

১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে আছে বার্সেলোনা। শনিবার লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে তাদের সঙ্গে ব্যবধান ১-এ নামিয়ে এসেছে রেয়াল মাদ্রিদ। তারা অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে। 

সোসিয়েদাদের বিপক্ষে জিতে ব্যবধান ফের ৪ পয়েন্টে নিয়ে যেতে উন্মুখ ফ্লিক। তবে এই ম্যাচে আক্রমণভাগের বড় ভরসা রাফিনিয়ার খেলা নিয়ে সংশয়ে থাকার কথা বললেন তিনি। 

“একটা আঘাত লাগার পর সে সমস্যায় পড়েছিল। আগামীকাল কী ঘটে, আমরা দেখব। এখনও জানি না, সে সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারবে কিনা।”

বার্সেলোনার সবশেষ ম্যাচেও সুযোগ পাননি মার্ক-আন্ড্রে টের স্টেগেন। প্রথম পছন্দের গোলরক্ষক হোয়ান গার্সিয়ার ওপরই আস্থা রাখেন ফ্লিক। ওই ম্যাচের পর টের স্টেগেনের বার্সেলোনা ছেড়ে জিরোনায় যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা বেড়েছে। এ নিয়ে খুব গভীরে যেতে চাইলেন না বার্সেলোনার জার্মান কোচ।

“তার ভবিষ্যৎ হলো তার সিদ্ধান্ত। সে অভিজ্ঞ এবং জানে সে কী চায়। আমরা প্রচুর কথা বলেছি… তার ও জিরোনার ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই।”

“সে আমাদের অধিনায়ক, ক্লাবের আদর্শদের একজন, সাম্প্রতিক বছগুলোতে ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। সে যে সিদ্ধান্তই নিক, আমরা মেনে নেব।”