১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এখনও ‘শতভাগ’ ফিট নন সাকা

বিশ্বকাপের আগে এই ফরোয়ার্ডকে নিয়ে সতর্ক থাকতে চান ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

এখনও ‘শতভাগ’ ফিট নন সাকা
ইংল্যান্ডের জার্সিতে বুকায়ো সাকা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 12:43 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

মাস তিনেক আগে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি বুকায়ো সাকা। তাই এই ফরোয়ার্ডকে মাঠে ফেরানোর জন্য তাড়াহুড়া করতে নারাজ ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। বিশ্বকাপের জন্য সাকাকে সম্পূর্ণ ফিট অবস্থায় পেতে আরও সময় দিতে চান তিনি।

গত বিশ্বকাপে যখন ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন সাকা, তখন তার বয়স ছিল ২১। সেবার চার ম্যাচ খেলে তিনটি গোল করে দলকে কোয়ার্টার-ফাইনালে তুলতে বড় অবদান রাখেন তিনি। এখন আরও পরিণত ফুটবলার হিসেবে বিশ্ব মঞ্চে খেলার অপেক্ষায় এই রাইট-উইঙ্গার। তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তিনি, সেটা এখনও স্পষ্ট নয়।

গত মার্চে অ্যাকিলিস চোটে পড়েন সাকা। সেই চোট নিয়েই আর্সেনালের হয়ে খেলে যান ২৪ বছর বয়সী এই ফুটবলার। দলটির ২২ বছর পর প্রিমিয়ার লিগ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। লন্ডনের ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলার পথেও তার ছিল অবদান।

স্বাভাবিকভাবেই, বিশ্বকাপে সাকার কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছে ইংলিশরা। সবার আশা পূরণ করতে হলে তো আগে পুরো ফিট থাকতে হবে। বিশ্ব মঞ্চের লড়াইয়ের জন্য এই ফুটবলারকে তৈরি করতে ধৈর্য নিয়ে এগোতে চান টুখেল।

বিশ্বকাপের মূল লড়াই শুরু করার আগে শেষ প্রস্তুতি ম্যাচে বুধবার কোস্টা রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচে চাইলে সাকাকে খেলাতে পারেন টুখেল। তবে সেটাকে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত মনে করছেন না জার্মান কোচ।

“বুকায়োকে নিয়ে আমাদের এখনও একটু বাড়তি সতর্ক থাকতে হবে। মার্চের (জাতীয় দলের) ক্যাম্পে সে চোট পেয়েছিল এবং সেই চোট নিয়ে মৌসুমের বাকিটায় ক্লাবের হয়ে খেলেছে।”

আর্সেনালের মতো ইংল্যান্ডও সাকার অনুশীলনের সময় কমিয়ে তার চোটের ধকল সামলানোর চেষ্টা করছে। মঙ্গলবারের অনুশীলনে অংশ নিলেও আগের দিন বিশ্রামে ছিলেন তিনি।

“সে এই মুহূর্তে সপ্তাহের প্রতিটি অনুশীলন সেশন শেষ করে ম্যাচে নামার মতো অবস্থায় নেই। আগামীকালকের ম্যাচে তাকে পাওয়া যাবে, তবে তাকে শতভাগ ফিট করে তুলতে হলে প্রয়োজন সঠিক দেখভাল। সে এখনও পুরোপুরি ফিট নয়। তবে সে ভালো অবস্থায় আছে।”

চোটের পড়ার পরও নিয়মিত আর্সেনালের হয়ে মাঠে নামতে দেখা যায় সাকাকে। গত ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়া লড়াই ছিল তার সবশেষ ম্যাচ। সেদিন ম্যাচ শুরু করে ৮২ মিনিট মাঠে ছিলেন তিনি।

গত ৫ মের পর থেকে সাকা অবশ্য কোনো গোল পাননি। সেদিন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছিল আর্সেনাল। ম্যাচের একমাত্র গোলটি এসেছিল তার পা থেকে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী বুধবার বিশ্বকাপ অভিযান শুরু করবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ‘এল’ গ্রুপে তাদের আরও লড়তে হবে ঘানা ও পানামার বিপক্ষে।