স্প্যানিশ ফুটবল
Published : 30 Nov 2025, 06:33 PM
চেলসি ম্যাচে অহেতুক ফাউল করে দলের বিপদ ডেকে আনা রোনাল্দ আরাউহো পেটের পীড়া থেকে এখনও সেরে ওঠেননি। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে আসছে ম্যাচে তার খেলার সম্ভাবনাও তাই কমেছে আরও। তবে, গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং।
লা লিগায় আগামী মঙ্গলবার ঘরের মাঠে আতলেতিকোর মুখোমুখি হবে বার্সেলোনা। শারীরিক অসুস্থতায় কয়েকদিন ধরে অনুশীলন করতে না পারায়, এই ম্যাচে আরাউহোর খেলার সম্ভাবনা সময়ের সঙ্গে কমছে।
চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার চেলসির বিপক্ষে শুরুতেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা প্রথমার্ধের শেষ দিকে আরও বিপদে পড়ে; মেজাজ হারিয়ে বাজে ফাউল করে বহিষ্কার হন আরাউহো। এতে তীব্র সমালোচনা শুনতে হয় তাকে। ম্যাচটি তারা হেরে যায় ৩-০ গোলে।
পরে পাকস্থলীর ভাইরাসজনিত সমস্যায় উরুগুয়ের এই ডিফেন্ডার খেলতে পারেননি গত শনিবার লা লিগায় আলাভেসের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে।
মুন্দো দেপোর্তিাভোর প্রতিবেদনে অবশ্য ডি ইয়ংকে নিয়ে ইতিবাচক খবর দেওয়া হয়েছে।
কার্ডের নিষেধাজ্ঞায় গত সপ্তাহে লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি এই ডাচ মিডফিল্ডার। পরে অবশ্য চেলসির বিপক্ষে খেলেন তিনি। কিন্তু, এরপরই ব্যক্তিগত কারণে আলাভেসের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন না ডি ইয়ং।
তবে সমস্যা কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন তিনি এবং আতলেতিকোর বিপক্ষে তার খেলার জোর সম্ভাবনাও আছে।
আলাভেসকে হারিয়ে ১৪ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বার্সেলোনা। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো।