Published : 21 Sep 2025, 02:03 PM
গোল করা যেন মামুলি ব্যাপার হ্যারি কেইনের জন্য। মাঠে নামলেই পাচ্ছেন জালের দেখা। দুর্দান্ত ছন্দে থাকা স্ট্রাইকার এবার উপহার দিলেন চমৎকার হ্যাটট্রিক। তার উজ্জ্বল দিনে হফেনহাইমকে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ।
প্রতিপক্ষের মাঠে শনিবার বুন্ডেসলিগায় ৪-১ গোলে জিতেছে বায়ার্ন। লিগ চ্যাম্পিয়নদের অন্য গোলটি করেছেন সের্গে জিনাব্রি।
চলতি মৌসুমে এনিয়ে দ্বিতীয়বার হ্যাটট্রিকের স্বাদ পেলেন কেইন। ৩২ বছর বয়সী ইংলিশ তারকা লিগে দলের প্রথম ম্যাচে লাইপজিগের বিপক্ষে তিন গোল করেছিলেন। গত ২২ অগাস্ট ম্যাচটি ৬-০ ব্যবধানে জিতেছিল বায়ার্ন।
২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে, এই সময়েই দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দশম হ্যাটট্রিক করলেন কেইন।
লিগে আগের ম্যাচেও জোড়া গোল করা কেইন এদিন প্রথম জালের দেখা পান ৪৪তম মিনিটে। পরের দুটি গোল করেন তিনি পেনাল্টি থেকে, ৪৮তম ও ৭৭তম মিনিটে।
৮২তম মিনিটে একটি গোল পরিশোধ করে হফেনহাইম। যোগ করা সময়ের নবম মিনিটে জিনাব্রির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার চেলসিকে ৩-১ ব্যবধানে হারানোর ম্যাচেও জোড়া করেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে সবশেষ তিন ম্যাচে ৭ গোল পেলেন তিনি। আর চলতি মৌসুমে ৭ ম্যাচে তার গোল হলো ১৩টি।
নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে বায়ার্নেরও। লিগে শতভাগ জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।