২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 05:32 PM

Updated : 22 Jul 2022, 05:32 PM

কক্সবাজার পৌরসভায় ‘প্রতিপক্ষের’ ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

নিহত ইমন হাসান মওলা (১৮) ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। পৌরশহরের পূর্ব পেশকারপাড়ার মোহাম্মদ হাসানের ছেলে তিনি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বড়বাজার এলাকায় সালাম মার্কেটের সামনে তাকে ছুরি মারা হয় বলে কক্সবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান।

পরিদর্শক স্বজনদের বরাতে বলেন, “বৃহস্পতিবার রাতে বড় বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে ইমনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় একদল লোক।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা চলাকালে শুক্রবার ভোরে তিনি মারা যান বলে পরিদর্শক জানান।

নিহত ইমনের বাবা মোহাম্মদ হাসান বলেন, বছর তিনেক আগে শহরের বইল্ল্যাপাড়ার বায়তুশ শরফ মসজিদের মাহফিল চলাকালে কয়েকজনের সঙ্গে ইমনের কথাকাটাকাটি হয়।

“এর জেরে তারা ইমনকে ছুরিকাঘাত করেছে।”

তবে কী নিয়ে কথাকাটাকাটি হয় সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

পুলিশ খুনি ধরার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন পরিদর্শক সেলিম।