১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পথচারীকে চাপা দিয়ে বাস পুকুরে, নিহত ২

“বাসটি সম্পূর্ণ উদ্ধার করা না হলে কতজন মারা গেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2024, 04:28 PM

Updated : 13 Mar 2024, 06:04 PM

বরিশালের উজিরপুর উপজেলায় পথচারী কিশোরকে চাপা দিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়েছে। এ ঘটনায় ওই পথচারীসহ দুইজনের প্রাণ গেছে।

বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার এলাকায় এ দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন-ওই এলাকার মো. বেল্লাল সরদারের ছেলে সুমন সরদার (১৫)।

পরিদর্শক তৌহিদুজ্জামান বলেন, “চাকলাদার পরিবহনের একটি বাস যশোর থেকে সকাল ৬টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার এলাকায় রাস্তা পার হতে যাওয়া পথচারী সুমনকে চাপা দেয়।

“পরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের ওপর আছড়ে পড়ে। এরপর গাছটি ভেঙে বাস পুকুরে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে আরও একজনের মৃত্যু হয়।”

সেই লাশ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “বাসটি সম্পূর্ণ উদ্ধার করা না হলে কতজন মারা গেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

আহত বাস যাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে জানান তিনি।