কেরানীগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
ছয় বছর বয়সী শিশুটি গ্রেপ্তারকৃত ব্যক্তির স্ত্রীর মাদ্রাসার শিক্ষার্থী।
কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আবদুল মঞ্জু (৪০) উপজেলার তারানগর ইউনিয়নের গুইটা কৃষ্ণনগর এলাকার বাসিন্দা।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১০-এর মহাপরিচালক মাহফুজুর রহমান।
গত ১৬ জুলাই ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুল মঞ্জুরের বিরুদ্ধে থানায় মামলা করেন শিশুর মা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঞ্জুরের স্ত্রীর প্রতিষ্ঠিত একটি মহিলা মাদ্রাসায় যাচ্ছিল ছয় বছর বয়সী শিশুটি। ওই মাদ্রাসায় গত ১৬ জুলাই সোয়া ১০টার দিকে শিশুটিকে টিফিন খাওয়াতে যান তার মা। তখন তিনি মাদ্রাসার একটি ঘরে দেখতে পান তার মেয়েকে ধর্ষণ করছেন মঞ্জু। মঞ্জু শিশুর মাকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে পালিয়ে যান।
ওই দিন রাতে মঞ্জুকে আসামি করে কেরানীগঞ্জ থানায় মামলা করেন শিশুর মা। পুলিশ শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে র্যাব ১০-এর একটি দল ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ঢাকার মিরপুর থেকে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জু শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করলে তাকে থানায় দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
