১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শাবিতে মানববন্ধন

গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 12:20 AM

Updated : 17 Oct 2023, 12:20 AM

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর ইসরায়েল যেভাবে বর্বর হামলা চালাচ্ছে, তাদের প্রতি ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই।

“অনেক দেশ ফিলিস্তিনিদের সহযোগিতা করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। আশা করি, আমাদের দেশের প্রতিনিধিরা ইসরায়েলের প্রতি ধিক্কার জানাবেন। সরকার থেকে শুরু করে সবাই এই হামলার প্রতিবাদ জানাচ্ছে।”

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে উপাচার্য আরও বলেন, “পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন বাংলাদেশের মুক্তিকামী মানুষের ওপর হামলা চালাচ্ছিল, তখন আমরা ফিলিস্তিনের সমর্থন পেয়েছি। এ ছাড়া বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ইয়াছির আরাফাত। আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চাই।

“ইহুদিরা নিরীহ, নিরস্ত্র ফিলিস্তিনের ওপর গায়ের জোরে অত্যাচার করে যাচ্ছে; তাদের বন্ধু রাষ্ট্রগুলোও এতে মদদ দিচ্ছে। আমরা এর ধিক্কার জানাই। আশা করছি তারা ফিলিস্তিনিদের ওপর চালানো অত্যাচার নির্যাতন দ্রুতই বন্ধ করবে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. কবির হোসেন বলেন, “ইসরায়েল ফিলিস্তিনের জনগণের ওপর ‘আজরাইলের ভূমিকায়’ অবতীর্ণ হয়েছে। বাংলাদেশের জনগণ ইসরায়েলের দখলদারিত্বের অবসান ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তাদের পাশে সবসময় ছিল, আছে এবং থাকবে।”

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শাবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক চন্দ্রানী নাগ।

মানববন্ধন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুল হাকিম।