বগুড়ায় মন্দির ভাঙচুর করে দান বাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি
ঘটনার পর মন্দিরের একটি মূর্তি পাশের ডোবা থেকে উদ্ধার করেছেন পুরোহিত।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি কালীমন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মন্দিরের দান বাক্সের টাকা ও পূজার বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে বলে দাবি পুরোহিতের।
এ ছাড়া মন্দিরের একটি মূর্তি পাশের ডোবার মধ্যে ফেলে রাখা হয়। পরে মন্দিরের পুরোহিত সেটি উদ্ধার করেন।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের ডহরপুর কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম।
পুরোহিত শ্রী খগেন্দ্রনাথ প্রামাণিক বলেন, “প্রতিদিনের মতো বৃহস্পতিবার পূজা-অর্চনা শেষে মন্দির থেকে বাড়িতে যাই। সকালে মন্দিরে এসে দেখি, দান বাক্সটি ভাঙা। মন্দিরের ভেতরের বিভিন্ন জিনিসপত্রও এলোমেলো অবস্থায় পড়ে আছে। এ সময় একটি মূর্তি মন্দিরে পাওয়া যাচ্ছিল না।
“পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মন্দিরের পাশে একটি ডোবা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া মাটিহাঁস থেকে হাটকড়ইগামী আঞ্চলিক সড়কের পাশের ধান ক্ষেতে ‘সন্ন্যাসী ঠাকুর’ নামের মূর্তিটি পাওয়া যায়।”
মন্দির থেকে কাসার ঘণ্টা, ত্রিশূল, কাসার কাঁসি, কাসার প্লেটসহ বিভিন্ন পূজার সামগ্রী এবং দান বাক্সের টাকা চুরি হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
মন্দিরে চুরি ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিকালে নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
