১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ভারসাম্যহীন নারীকে ধর্ষণে ২ তরুণ দণ্ডিত

রায় ঘোষণার সময় দোষী সাব্যস্ত হওয়া দুই তরুণের বয়স ১৮ বছর উত্তীর্ণ হলেও আদালতের আদেশে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।  

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 12:44 AM

Updated : 13 Jun 2023, 02:02 PM

নওগাঁয় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের দায়ে ১০ বছরের আটকাদেশ হয়েছে দুই তরুণের, যারা ঘটনার সময় শিশু ছিলেন। 

নওগাঁর শিশু আদালত-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার সোমবার এ রায় দেন। 

রায় ঘোষণার সময় দোষী সাব্যস্ত হওয়া এই দুই তরুণের বয়স ১৮ বছর উত্তীর্ণ হলেও আদালতের আদেশে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হলো না। 

রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মো. মকবুল হোসেন জানান, ২০১৬ সালের ২৫ জানুয়ারি রাত ১২টার দিকে সাপাহার উপর জিরো পয়েন্ট তালপুকুর মসজিদের পেছনে একই উপজেলার দুই জন শিশু [ওই সময় তাদের দুজনেরই বয়স ছিল ১৬ বছর] মানসিক ভারসাম্যহীন একজন মহিলাকে ধর্ষণ করে। 

এ ঘটনায় সাপাহার থানায় মামলা হলে থানার পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। 

কৌঁসুলি মকবুল হোসেন জানান, রায় ঘোষণার সময় এই দুই তরুণ আদালতে উপস্থিত থাকায় সাজা পরোয়ানা মূলে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি মো. মকবুল হোসেন এবং আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মনজুরুল হক।