২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজারে জমি নিয়ে সংঘর্ষে ২ সহোদর নিহত

সংঘর্ষের পরপর ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করেছে।   

মৌলভীবাজারে জমি নিয়ে সংঘর্ষে ২ সহোদর নিহত

রাজনগর থানা

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 12:34 AM

Updated : 24 Sep 2022, 10:53 AM

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।

রাজনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ জানান, শুক্রবার বিকালে ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন তুলাপুর গ্রামের আব্দুন নুরের দুই ছেলে হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২৫)।

রতন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজনগর উপজেলার সুনামপুর গ্রামের রনো দাস ও তুলাপুর গ্রামের ধীরু দাসের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিকালে বিরোধপূর্ণ ওই জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে তুলাপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় সংঘর্ষে লিপ্ত হয়।

“এ সময় এক পক্ষের ছুরিকাঘাতে হেলাল মিয়া ও কাজল মিয়া মারাত্মক আহত হন।”

সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।

ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাজেন্দ্র দাশ, খছরু দাশ ও সজল দাশ নামের তিনজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।