Published : 20 Sep 2026, 10:42 PM
নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় দুই বছর পর শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৫০ শয্যার নতুন স্বাস্থ্য কমপ্লেক্স চালু হয়েছে।
রোববার বিকালে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় হাসপাতালটির উদ্বোধন করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আগে মূলফৎগঞ্জ এলাকায় ছিল। ২০১৮ সালে পদ্মা নদীর ভাঙনে পুরোনো ভবনের বেশিরভাগ অংশ নদীতে বিলীন হয়ে যায়। এতে উপজেলার মানুষ চিকিৎসাসেবা নিয়ে সমস্যায় পড়েন।
পরে নড়িয়া পৌর এলাকায় প্রায় ছয় একর জমিতে নতুন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয় সরকার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫৪ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালে কাজ শুরু হয়। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর নির্মাণকাজ শেষ হয়।
তবে পুরনো জায়গায় হাসপাতাল চালুর দাবিতে কেদারপুর এলাকার বাসিন্দা মাসুদুর রহমান দেওয়ান উচ্চ আদালতে রিট করেন। এতে নতুন ভবন চালু নিয়ে জটিলতা তৈরি হয়।
দীর্ঘদিন হাসপাতালটি বন্ধ ও অব্যবহৃত থাকায় একপর্যায়ে বিভিন্ন মালামাল চুরির ঘটনাও ঘটে।
আইনি ও প্রশাসনিক ঝামেলা শেষ হওয়ায় হাসপাতালটির উদ্বোধন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন রেহান উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন রেহান উদ্দিন আহমেদ, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, সোমবার থেকে হাসপাতালে পুরোদমে চিকিৎসাসেবা দেওয়া হবে। ভবিষ্যতে এটি ১০১ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।