২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বরিশালে বিক্রির সময় দেশি পাখি উদ্ধার করে অবমুক্ত

পাঁচটি টিয়া, ১০টি মুনিয়া ও চারটি দেশীয় অন্যান্য পাখি বিক্রির সময় উদ্ধার করা হয়।

বরিশালে বিক্রির সময় দেশি পাখি উদ্ধার করে অবমুক্ত

বরিশালে বিক্রি করার সময় উদ্ধার করা হয় বিভিন্ন প্রজাতির দেশি পাখি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 11:36 PM

Updated : 05 Jul 2023, 11:36 PM

বরিশাল নগরে ফেরি করে বিক্রির সময় বিভিন্ন প্রজাতির কয়েকটি দেশীয় প্রজাতির পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

বুধবার দুপুরে নগরীর পদ্মাবতী এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করা হয় বলে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংগঠন ‘এনিমেল ওয়েলফেয়ার অব বরিশাল’ এর সমন্বয়ক সৈয়দা সাবিকুন্নাহার তুবা জানান।

বরিশাল সদর উপজেলা বনকর্মকর্তা, ওয়াইল্ড ক্রাইম কন্ট্রোল ইউনিট ও এনিমেল ওয়েলফেয়ার অব বরিশাল একসঙ্গে এ অভিযানে অংশ নিয়েছে।

সাবিকুন্নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝালকাঠির রাজাপুর উপজেলার জাহাঙ্গীর হাওলাদার খাঁচায় করে দেশি প্রজাতির কয়েকটি পাখি নগরীতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন।

তিনি জানান, খাঁচায় পাঁচটি টিয়া, ১০টি মুনিয়া ও চারটি দেশীয় প্রজাতির পাখি ছিল। দেখতে পেয়ে তাকে বিভাগীয় বনবিভাগের অফিসে নিয়ে আসা হয়। সেখানে বনকর্মকর্তাদের উপস্থিতিতে পাখি অবমুক্ত করা হয়।

“ভবিষ্যতে পাখি বিক্রি না করার মুচলেকা নিয়ে ওই বিক্রেতাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

সাবিকুন্নাহার বলেন, এসব পাখি খুলনা থেকে কিনে এনেছিলেন তিনি। প্রথমবার তিনি এ কাজ করেছেন এবং দরিদ্র হওয়ায় এই বিক্রেতার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

“তা না হলে অবৈধভাবে পাখি বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।”

সাজার বিষয়টি ভবিষ্যতের জন্য তাকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান এনিমেল ওয়েলফেয়ার অব বরিশালের এই সমন্বয়ক।