শুক্রবার বরিশাল নগরীর পোর্ট রোড জামে মসজিদে ইমাম ও ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের নেতারা।
Published : 09 Jun 2023, 11:06 PM
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচার ও ভোট দেওয়ার জন্য ইমাম, আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার বিকালে বরিশাল নগরীর পোর্ট রোড জামে মসজিদে ইমাম ও ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
ইমাম-ওলামাদের সমাজের পথ প্রদর্শক উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, “আল্লাহর ওয়াস্তে আপনারা ইমামরা সাধারণ মানুষের কাছে বলুন, খোকন সেরনিয়াবাতকে ভোট দিন। প্রয়োজনে হাতে-পায়ে ধরে হলেও মানুষকে বোঝাতে হবে। আমাদের কাছে তাদের গুরুত্ব সবসময় সর্বাগ্রে। আল্লাহর ওয়াস্তে খোকন সেরনিয়াবাতকে ভোট দিন, নৌকাকে জয়ী করুন। মানুষ আপনাদের কথায় বেশি ভরসা পায়।”
নানক নৌকায় ভোট দেওয়ার বিষয়ে ইমামদের থেকে প্রতিশ্রুতি নেন।
ইমাম ও ওলামাদের কাছে নানক প্রশ্ন রাখেন, খোকন সেরনিয়াবাতকে কি আগে কখনও কেউ দেখেছেন, চিনতেন? তখন সবাই সমস্বরে ‘না’ উত্তর দেন।
তখন নানক বলেন, “মানুষটি অতি বিনয়ী ও নিভৃতচারী। নিজেকে জাহির করার কোনো প্রবণতাই তার ছিল না বলেই আমাদের রাজনৈতিক গুরু আবুল হাসানাত আব্দুল্লাহর আপন ভাই, প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের মানুষ হওয়ার পরও তিনি কখনো তা প্রকাশ বা প্রচার করেননি কোথাও।
“এতটা ভালো মানুষ খোকন সেরনিয়াবাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের জন্য মেয়র পদপ্রার্থী করে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বরিশালের মানুষের জন্য আমার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে প্রার্থী করে পাঠালাম। তাকে ভোট দিলে বরিশালের উন্নয়নে যা যা করণীয় সবকিছু আমি করব।”
এ সময় নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৪৮টি মডেল মসজিদ নির্মাণ, ইমামদের জন্য ভাতা বৃদ্ধি ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করেছেন।
বরিশাল মহানগরীর ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. আনিসুর রহমান, মো. গোলাম রাব্বানী চিনু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান বেগ।