১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিরোধের জেরে যুবককে ‘গলাকেটে হত্যা’, বন্ধু গ্রেপ্তার

এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বিরোধের জেরে যুবককে ‘গলাকেটে হত্যা’, বন্ধু গ্রেপ্তার

প্রতীকী ছবি

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 09:58 AM

Updated : 20 Oct 2022, 10:08 AM

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় যুবককে গলাকেটে হত্যার অভিযোগে তার বন্ধুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ জামান জানান, উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের পাড়গেণ্ডারিয়া কানাপট্টি এলাকায় বুধবার এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. মাসুম মিয়া (৩৫) মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার নুরু মিয়ার ছেলে। ওই এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি ডকইয়ার্ডে শ্রমিকের কাজ করতেন তিনি।

আটকরা হলেন- মাসুমের বন্ধু জহিরুল ইসলাম অপু ও তার সহযোগী রাসেল।

নিহতের মামতো ভাই মো. মন্টু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ভাড়া বাসার দ্বিতীয় তলায় নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মাসুম। এ সময় তার মা নিচ তলায় ছিলেন। এ সুযোগে অপু দ্বিতীয় তলার বাসায় ঢুকে ছুরি দিয়ে মাসুমের গলাকেটে ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে রক্তমাখা ছুরিসহ আটক করে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহতের বড় ভাই মো. শহিদুল ইসলাম জানান, “অপুর সঙ্গে মাসুমের পূর্ব বিরোধ ছিল। কিন্তু এর জেরে সে এভাবে মাসুমকে হত্যা করবে এটা কখনও কল্পনাও করিনি। “

ওসি বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।