গাজীপুরে ভাইকে গাছের সঙ্গে বেঁধে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ’
কিশোরী তার ছোট ভাইকে নিয়ে দুপুরে চাকরির খুঁজে বেরিয়েছিলেন।
গাজীপুর মহানগরীতে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে এক কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণের’ অভিযোগ পাওয়া গেছে; এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার মহানগরীর দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগরীর বাসন থানার বাড়িয়ালী এলাকার জসিম উদ্দিন (২২) এবং বারবৈকা এলাকার মনির হোসেন (২৮)।
স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ বলেন, শুক্রবার দুপুরে ৪-৫ যুবক কিশোরী (১৬) ও তার ছোট ভাইকে রাস্তা থেকে তুলে বাতানিয়া টেক এলাকার জঙ্গলে নিয়ে যায়। সেখানে অস্ত্রের মুখে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং পরিত্যক্ত একটি ঘরে নিয়ে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ করে।
“একপর্যায়ে কিশোরী কৌশলে সেখান থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় এবং লোকজনকে জানায়। তখন লোকজন সেখানে গিয়ে দুজনকে ধরে ফেলে এবং তিনজন পালিয়ে যায়।”
কাউন্সিলর আরও বলেন, পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায়। তাদের দেওয়া তথ্যমতে, কিশোরীর ভাইকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চাপাতি ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
কিশোরী সাংবাদিকদের জানায়, সে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করে। অন্য একটি কারখানায় চাকরির খোঁজে ছোট ভাইকে নিয়ে টেকনগরপাড়ায় এক বান্ধবীর বাড়ি যায়। সেখান থেকে দুপুরে বাসায় ফেরার পথে তাকে এবং তার ভাইকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
সদর থানার পরিদর্শক মহিউদ্দিন আহমেদ জানান, কিশোরী তাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে রাতে মামলা করেছেন। দুই আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
