০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে ও বাইরে ২ ককটেল বিস্ফোরণ

“কোনো একটি দুষ্কৃতকারী মহল পরিকল্পিতভাবে অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 11:46 AM

Updated : 08 Oct 2026, 12:09 PM

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়ক থেকে পরপর দুটি ককটেল ছুড়ে করে পালিয়ে যায় বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, “একটি ককটেল গেটের বাইরে গাছে লেগে বিস্ফোরিত হয়। আরেকটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে পড়ে বিস্ফোরিত হয়।”

এদিকে ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ জানান, আগামী ৮ অক্টোবর সকালে প্রশাসনের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এতে অতিথি হিসেবে গোপালগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনি বলেন, “কোনো একটি দুষ্কৃতকারী মহল পরিকল্পিতভাবে অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।”

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এ ছাত্রদল নেতা।

ওসি আমিনুল ইসলাম বলছেন, সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনাতে অভিযান চলছে।