Published : 31 Oct 2022, 03:53 PM
বন্ধ থাকা পাথর কোয়ারি চালুর দাবিতে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে জেলার ট্রাক, ট্যাংক লরি, কভার্ডভ্যান ও পিকআপসহ পণ্যবাহী কোনও যানবাহন ছেড়ে যায়নি। নগরীর ট্রাক টার্মিনাল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে মিছিল করেছেন শ্রমিকরা।
সিলেট জেলা ট্রাক, পিকআপ কভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য সাধারণ সম্পাদক নাজির আহমদ স্বপন জানান, সিলেটের ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং এবং লোভাছড়া পাথর কোয়ারিগুলো থেকে বছরের পর বছর ধরে সারাদেশে পাথর সরবরাহ হয়ে আসছিল। প্রায় ১৫ লাখ ব্যবসায়ী-শ্রমিক ও পরিবহন মালিক-শ্রমিক এ ব্যবসার সঙ্গে জড়িত।
কিন্তু দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে কোয়ারি বন্ধ থাকার কারণে সিলেটের পরিবহন খাত- বিশেষ করে ট্রাক মালিক ও শ্রমিকরা চরম সঙ্কটে পড়েছেন।
তিনি বলেন, “অধিকাংশ ট্রাক মালিক ব্যাংক ঋণ নিয়ে অথবা কোম্পানিগুলোর কাছ থেকে কিস্তিতে মূল্য পরিশোধের শর্তে তাদের গাড়ি কিনেছিলেন। পাথর কোয়ারি বন্ধ থাকার কারণে ট্রাক মালিকদের পণ্য পরিবহনে ভাটা পড়েছে।
“এই অবস্থায় শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ফলে বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।”
কোয়ারি খুলে দেওয়ার বিষয়ে রোববার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠক হয়। তবে সেখান থেকে কোনো সমাধান মেলেনি বলে জানান পরিবহন নেতা নাজির।
সিলেট জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, “কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবির প্রেক্ষিতে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ নভেম্বর কমিটির সদস্যরা সিলেটের কোয়ারিগুলো পরিদর্শনে আসবেন। তারা সরেজমিনে পরিদর্শন করে দেখবেন পাথর উত্তোলনের যৌক্তিকতা আছে কি না।
“তাদের প্রতিবেদনের ভিত্তিতে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। এখানে জেলা প্রশাসনের কিছুই করার নেই।”