১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কক্সবাজার-৩: স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমল বলেন, “শান্তিপূর্ণ নির্বাচনকে অস্থির করতে ওই প্রার্থী অপতৎপরতা চালাচ্ছেন।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 07:43 PM

Updated : 28 Dec 2023, 07:43 PM

কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের প্রচারের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত অটোরিকশার চালক মো. শফি আলম বাদী হয়ে অজ্ঞাত ১২ জনকে আসামি করে বুধবার রাতে মামলাটি করেন বলে রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান।

বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বেলা ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরো ঘটনার জন্য নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে দায়ী করেছেন ব্যারিস্টার মিজান সাঈদ।

তিনি বলেন, “চালক প্রচার গাড়ি নিয়ে বুধবার বিকাল ৫টায় রামু উপজেলার বাইপাস সড়কস্থ ফুটবল চত্বর পার হচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল নিয়ে নৌকা মার্কা সমর্থিত অজ্ঞাত লোকজন অটোরিকশাটির গতিরোধ করে ভাঙচুর চালায়। গাড়িতে থাকা কর্মী মো. নাছির উদ্দিনকে মারধর করা হয়।”

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নৌকা প্রার্থী ও সমর্থকরা বিভিন্ন এলাকায় প্রচারে বাধা সৃষ্টি, হুমকি, ফাঁকা গুলি করছে। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

তবে পুরো বিষয়টি অস্বীকার করে নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমল বলেন, “শান্তিপূর্ণ নির্বাচনকে অস্থির করতে ওই প্রার্থী (মিজান সাঈদ) অপতৎপরতা চালাচ্ছেন। বিভিন্ন এলাকায় নৌকার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। উদ্দেশ্যমূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”