২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এটা গণতন্ত্র-ভোটের অধিকার আদায়ের বিজয়ের পদযাত্রা: মির্জা ফখরুল

“আমাদের ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এই সরকার।”

এটা গণতন্ত্র-ভোটের অধিকার আদায়ের বিজয়ের পদযাত্রা: মির্জা ফখরুল

দিনাজপুরে বিএনপির পদযাত্রা পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 09:47 PM

Updated : 19 Jul 2023, 09:47 PM

এই পদযাত্রা শুধুই পদযাত্রা নয়, এটা গণতন্ত্র এবং ভোটের অধিকার আদায়ের বিজয়ের পদযাত্রা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে বিএনপির পদযাত্রা পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “এর আগের দেওয়া ১০ দফা এখন এক দফায় নিয়ে এসেছি। এই এক দফা হল- শেখ হাসিনার পদত্যাগ।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “আমাদের ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এই সরকার। আমরা আর এই অবস্থায় থাকতে চাই না।

পরিবর্তনের কথা উল্লেথ করে তিনি বলেন, “আমরা একটা পরিবর্তন চাই। আর সেই পরিবর্তনের জন্য আন্দোলন-সংগ্রাম শুরু হয়েছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে।”

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

সমাবেশ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ইনস্টিটিউটে এসে শেষ হয়।

Image

দিনাজপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত

এই পদযাত্রায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীরা অংশ নেন।    

এদিকে দিনাজপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ঠাকুঁরগাও, নীলফামারী, রংপুরসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে বিএনপি নেতা-কর্মীরা আসার সময় ছাত্রললীগের একদল কর্মী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হামলার নিন্দা জানিয়ে বলেন, “সরকারি দলের সন্ত্রাসীদের হামলায় আমাদের অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন।”

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ বলেন, বিএনপির হামলায় তাদের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ফটক এবং ব্যাচলর কোয়ার্টার ভাঙচুর করা হয়েছে।