Published : 10 Oct 2023, 11:57 AM
ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসবেন বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।
তিনি বলেন, “শেখ হাসিনাকে নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা বলছে, দেশে এত ভাল কাজ হচ্ছে কেন? দেশে শতভাগ বিদ্যুৎ হচ্ছে কেন? এত উন্নয়ন হচ্ছে কেন? মানুষ না খেয়ে মরছে না কেন? এসব ষড়যন্ত্র করে লাভ নেই, শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসবেন।”
সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা বাজারে সরকারের ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বায়রা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সভায় মমতাজ বলেন, “সরকার আপনাদের কথা চিন্তা করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা আবার যদি ক্ষমতায় আসে এই ভাতার সংখ্যা কয়েকগুণ বাড়িয়ে দেবেন।”
অন্য কেউ ক্ষমতায় আসলে ভাতাসহ বিভিন্ন উন্নয়ন বন্ধ হয়ে যাবে উল্লেখ করে তিনি সবার প্রতি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজ খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান হিরো, অ্যাডভোকেট জাহিদ খান উজ্জ্বল, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, আব্দুল হালিম।