১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদ্মার পাড়ে আখ মাড়াইয়ের মাঠে রাসেলস ভাইপার, পিটিয়ে মারল শিশুরা

“গিয়ে দেখি কয়েকজন শিশু একটি রাসেলস ভাইপার সাপ মেরে ফেলে রেখেছে। সাপটির দৈঘ‍্য হবে প্রায় চার ফুট।”

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 07:00 PM

Updated : 20 Dec 2023, 07:00 PM

রাজবাড়ীর পাংশা উপজেলায় আখ মাড়াইয়ের মাঠে একটি রাসেলস ভাইপার পিটিয়ে মেরেছে শিশুরা।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ মীরপুর গ্রামের পদ্মা তীরের আখ মাড়াইয়ের মাঠে সাপটি মারা হয়।

হাবাসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস‍্য খোকন বিশ্বাস বলেন, “আখ মাড়াইয়ের মাঠে কয়েকজন শিশু খেলতে গিয়ে সাপটি দেখতে পায়। পরে তারা সেটি মেরে নদীতে ফেলে দেয়।”

নাসিম, সিয়াম, কবির ও রাব্বি নামের কয়েক শিশু জানায়, সকালে তারা কয়েকজন কেটে রাখা আখ খেতে মাঠে যান। একজন নারী আখের স্তুপের পাশে কাজ করছিলেন। হঠাৎ করেই তিনি সাপ সাপ বলে চিৎকার করে উঠেন।

তখন শিশুরা গিয়ে সাপটিকে আখ দিয়ে পিটিয়ে মেরে ফেলে। এলাকার লোকজন গিয়ে সাপটিকে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করে। পরে সেটিকে পদ্মা নদীতে ফেলে দেয়।    

শাহ মীরপুর গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমি গিয়ে দেখি কয়েকজন শিশু একটি রাসেলস ভাইপার সাপ মেরে ফেলে রেখেছে। সাপটির দৈঘ‍্য হবে প্রায় চার ফুট।”

হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল মামুন খান বলেন, “রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরে ফেলার ঘটনাটি জানা নেই। তবে ওই এলাকায় বর্ষার সময় সাপের উপদ্রব ছিল, সেটা এখন কম।”