২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পরীক্ষার হলে ফেইসবুক লাইভ, দুই এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

এ ছাড়া গাজীপুরের এই কেন্দ্রের দুই পরিদর্শককে শোকজ করা হয়েছে।

পরীক্ষার হলে ফেইসবুক লাইভ, দুই এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

গাজীপুরের শ্রীপুর উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 07:25 PM

Updated : 24 Sep 2022, 07:25 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় চলতি এসএসসি পরীক্ষার হলে বসে মোবাইল ফোন থেকে ফেইসবুক লাইভ করার দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় বলে শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম জানান।

বহিষ্কৃত ওই দুই শিক্ষার্থী উপজেলার ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিচ্ছিল। বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালে তারা ফেইসবুক লাইভে গিয়েছিল।

পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ ও শিক্ষকরা জানান, হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ৯ নম্বর কক্ষে বৃহস্পতিবার গণিত পরীক্ষায় ৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থী তার নিজের মোবাইল থেকে অন্য এক পরীক্ষার্থীর ফেইসবুক আইডি ব্যবহার করে লাইভে চলে আসে।

বিষয়টি শ্রীপুরের ইউএনওসহ ঢাকা শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তার নজরে আসে। তারা তখন বিষয়টি ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করেন।

শুক্রবার কোনো পরীক্ষা ছিল না। শনিবার ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা। ওই পরীক্ষা শেষে ইউএনও ওই কেন্দ্রে যান। লাইভ ভিডিও দেখে তিনি আট পরীক্ষার্থী এবং দুই কক্ষ পরিদর্শককে জিজ্ঞাসাবাদ করেন। তাৎক্ষণিকভাবে তিনি ঘটনার সঙ্গে দুজনের জড়িত থাকার সত্যতা পান। তারপরই দুই পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন।

এ সময় ইউএনও মো. তরিকুল ইসলাম এ বিষয়ে তদন্ত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন বলেন, দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা ছাড়াও কক্ষ পরিদর্শক আফসার উদ্দিন ও আমিনুল ইসলাম কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তারা জবাব দিলে ইউএনও এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।

পরীক্ষার কক্ষে মোবাইল কিভাবে নেওয়া হলো- জানতে চাইলে হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবদুল হান্নান সজল বলেন, “পরীক্ষার কেন্দ্রে প্রবেশের মুখেই পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা হয়। ওই দুই পরীক্ষার্থী পরে হয়তো বাইরে থেকে মোবাইল এনে থাকতে পারে।”

হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার নয়টি স্কুলের এক হাজার ৮১৮ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।