Published : 20 Feb 2023, 01:04 PM
দিনাজপুরের হিলি সীমান্তে চারদিন আগে বিএসএফের গুলিতে নিহত শাহাবুল ইসলাম বাবুর লাশ ফেরত পাওয়ার খবর পেয়ে অপেক্ষার প্রহর গুনছে তার পরিবার।
হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, সোমবার বিকাল সাড়ে ৪টায় লাশ আসবে। কবর খোঁড়াসহ সব প্রস্তুতি নিতে বিজিবি তাকে জানিয়েছে।
তবে এ ব্যাপারে জানতে জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।
নিহত ২৫ বছর বয়সী সাহাবুল ইসলাম বাবু হাকিমপুর পৌর এলাকার ধরন্দু গ্রামের আবুল হোসেনের ছেলে।
গত ১৭ ফেব্রুয়ারি দিনাজপুরের হিলি সীমান্তে ভারত অভ্যন্তরে ২৮৫/২৫ এস পিলার সংলগ্ন ভারতের কুণ্ডপাড়ায় রাত পৌনে ৮টায় বিএসএফের গুলিতে বাবু নিহত হয় বলে পুলিশ জানায়।
সেদিন ওসি আবু সায়েম মিয়া সাংবাদিকদের বলেন, “স্থানীয় সূত্রে জেনেছি, সাহাবুল ইসলাম বাবু সীমান্ত পিলার ২৮৫/২৫ এর ভারতীয় অংশে ঢুকে পড়ায় ঘটনাটি ঘটেছে। যতদূর জেনেছি লাশ এখনও বিএসএফের কাছে রয়েছে।”
সোমবার দুপুরে বাবুর বাড়িতে গিয়ে দেখা যায়, পাড়া-প্রতিবেশী ও স্বজনরা মরদেহ আসার অপেক্ষায় প্রহর গুণছে। নিহত হওয়ার চারদিন অতিবাহিত হলেও লাশ না পাওয়ায় শোকে শয্যাশায়ী বাবুর মা ও স্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিহতের মা মালেকা বেগম বলেন, “মারা গেছে তাতেও আফসোস নেই। শুধু ছেলের লাশ ফেরত দেওয়া হোক। একবার ছেলের মুখ দেখবো।”
আবুল হোসেন বলেন, “আমার একমাত্র ছেলে নিহত হওয়ার পর থেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার লাশ আসার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। কতজন আসা যাওয়া করছে, কিন্তু আমার বাবা আসেনা। আজও চেকপোস্টে গিয়েছিলাম।
“থানা থেকে পুলিশ বাড়িতে এসে বলে গেছে, বিকাল সাড়ে ৪টায় লাশ আসবে। কবর খুঁড়তে বলেছে তাই চলে আসছি। ”
তবে এর আগেও লাশ আসবে বলে তাদের আশ্বস্ত করা হলেও আসেনি অভিযোগ করে তিনি বলেন, “না আসা পর্যন্ত বিশ্বাস হচ্ছে না।”
পুরানো খবর:
হিলিতে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের খবর