১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালের ফল প্রত্যাখ্যান তাপসের, রাজশাহী ও সিলেটে বর্জনের আহ্বান

নির্বাচন কমিশনসহ সরকার ও সরকারের সংস্থাগুলোর বিরুদ্ধে ডিজিটাল প্রতারণার অভিযোগ আনেন তিনি।

বরিশালের ফল প্রত্যাখ্যান তাপসের, রাজশাহী ও সিলেটে বর্জনের আহ্বান

সংবাদ সম্মেলন করে বরিশাল সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন জাপার প্রার্থী ইকবাল হোসেন তাপস।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 05:51 PM

Updated : 13 Jun 2023, 05:51 PM

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেন তাপস।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর অক্সফোর্ড মিশন রোডে নিজের বাসভবন সংলগ্ন প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

পাশাপাশি রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন বর্জন করতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তাপস নগরবাসীর উদ্দেশে বলেন, “আমি আপনাদের আশা আকাঙ্ক্ষার মর্যাদা ও ভোটাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছি। আপনারা আমাকে ভোট দেওয়ার কথা বলেছিলেন এবং দিয়েছিলেনও; কিন্তু এই আজ্ঞাবহ নির্বাচন কমিশন তাদের কথা রাখেনি।”

নির্বাচন কমিশনসহ সরকার ও সরকারের সংস্থাগুলোর বিরুদ্ধে ডিজিটাল প্রতারণার অভিযোগ আনেন তিনি।

জাতীয় পার্টির এই নেতা বলেন, “ভোটের ফলাফল আগেই নির্ধারণ করে রাখা হয়েছিল। আমি সবসময় সরকারের সংস্থাগুলোর বিরুদ্ধে সত্য কথা বলেছি বলে আমাকে ফলাফলে চতুর্থ স্থানে রাখা হয়েছে। বরিশাল সিটি নির্বাচনের মেয়র পদের ফলাফল কেন্দ্রীয়ভাবে প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাওয়া হয়েছে।”

নগরজুড়ে বহিরাগতদের ব্যাপক আনাগোনা দেখা গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তাপস বলেন, “আওয়ামী লীগ শুধুমাত্র আমাকে টার্গেট করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে। ভোট কেন্দ্রের প্রতিটি বুথে আওয়ামী লীগ নেতাকর্মীদের আমরা বিচরণ করতে দেখেছি। আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারণে ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার, পুলিশসহ অন্যরা ছিল অসহায়। আমার এজেন্টদের অনেক কেন্দ্রে বসতে দেওয়া হয়নি। নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণ লঙ্ঘণ করেছে আওয়ামী লীগ।”

এসব কারণে বরিশাল সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যাান করছেন জানিয়ে তিনি বলেন, “সেই সঙ্গে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন বর্জনের জন্য কেন্দ্রীয় জাতীয় পার্টিকে আমি আহ্বান জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচক কমিশনারের তীব্র সমালোচনা করেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থী মুফতী ফয়জুল করীমের ওপর হামিলার নিন্দা জানিয়ে এ ঘটনায় ঘৃণাও প্রকাশ করেন তিনি।

পাশাপাশি এই নির্বাচনের ফলাফল বাতিল করার পাশাপাশি প্রার্থীর ওপর যে হামলা হয়েছে তার তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন তাপস।

সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রধান এজেন্ট জাপা নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।