Published : 14 Aug 2023, 11:25 PM
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে স্কুলটির প্রধান শিক্ষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমামণ আদালত।
সোমবার দুপুরে উপজেলার জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীনকে কারাদণ্ড দেওয়া হয় বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম জানান।
জয়নাল আবেদীন উপজেলার সাড়াশিয়া গ্রামের বাসিন্দা।
ইউএনও বলেন, জয়নাল আবেদীনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন ওই স্কুলছাত্রীর মা। তারই পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, বিকালে দণ্ডপ্রাপ্ত শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।