লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় ‘আওয়ামী লীগের হামলা’, শতাধিক আহতের দাবি
দলের কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির দাবি, হামলায় আহত ৪৪ জন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের হামলায় শতাধিক নেতা-কর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জেলার ৫৮টি ইউনিয়নে পদাযাত্রায় হামলায় আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার বিকালে হাসপাতালে আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এ জানান।
তিনি বলেন, “আমাদের ১০ দফা দাবি আদায় হচ্ছে মূল লক্ষ্য। আর সেই দাবিতে কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আজ চন্দ্রগজ্ঞ থানার হাজিপাড়া, কুশাখালী, মান্দারী, দিঘলী, লাহারকান্দি ও ভবানীগঞ্জসহ ইউনিয়নে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা করে। হামলায় আহত ৪৪ জন নেতা-কর্মী লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ্যানির সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন।
তিনি বলেন, “বিএনপি লক্ষ্মীপুরে কোথাও কোনো পদযাত্রা করেনি। তাদের ডাকে কেউ সাড়া দেয়নি।
“তবে আমরা রামগতিতে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছি।”
