১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পাবনায় কভার্ড ভ্যানে চাপায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

হাইওয়ে পুলিশ জানায়, পুকুরে গোসল করে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি কভার্ড ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 06:00 PM

Updated : 24 Jan 2024, 06:00 PM

পাবনার সাঁথিয়া উপজেলায় রাস্তা পারাপারের সময় কভার্ড ভ্যানের চাপায় আওয়ামী লীগের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলায় বেড়া-সিরাজগঞ্জ মহাসড়কে পাটগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে মাধপুর হাইওয়ে থানার এসআই শহিদুল ইসলাম জানান।

নিহত আব্দুর রহমান (৭০) ওই উপজেলার নাগডেমড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি নাগডেমড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

স্থানীয়দের বরাতে এসআই শহিদুল বলেন, সকালে পুকুর থেকে গোসল করে বাড়ি ফিরছিলেন আব্দুর রহমান। পথে পাটগাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় বেড়া থেকে সিরাজগঞ্জগামী ক্রাউন সিমেন্টবাহী একটি কভার্ড ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

তিনি বলেন, এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে চালক পলাতক তবে কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই শহিদুল।