বরিশালে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৬ আড়তকে জরিমানা
“৯৪-৯৫ টাকা কেজিদরে কেনা পেঁয়াজ বতর্মানে ১৪০-১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।”
মজুদ করা পেঁয়াজ বর্তমানে বেশি দামে বিক্রির দায়ে বরিশাল নগরীর ছয় আড়তদারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার দুপুরে এ অভিযান করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র।
তিনি বলেন, হঠাৎ করে দাম বেড়ে যাওয়ার খবরে নগরীর পেঁয়াজপট্টির পাইকারি আড়তে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, আগে কিনে মজুদ করা পেঁয়াজ বর্তমানে বেশি দামে বিক্রি করা হচ্ছে।
“৯৪-৯৫ টাকা কেজিদরে কেনা পেঁয়াজ বতর্মানে ১৪০-১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রমাণ পেয়ে ছয় আড়তকে ৯৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
সুমী রানী মিত্র আরও বলেন, অভিযান পরিচালনা করেছেন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী। এ অভিযান অব্যাহত থাকবে।
