১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বিদ্যুৎ দুই ঘণ্টা থাকে তো এক ঘণ্টা থাকে না’

“হবিগঞ্জে ১৬ থেকে ১৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র ১০ থেকে ১১ মেগাওয়াট।”

‘বিদ্যুৎ দুই ঘণ্টা থাকে তো এক ঘণ্টা থাকে না’

হবিগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে তরুণ যুব ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 05:47 PM

Updated : 17 Apr 2023, 05:47 PM

হবিগঞ্জ সদরে টানা লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে শহরবাসী। গ্রাহকদের অভিযোগ, প্রতি দুই ঘণ্টা পরপর এক ঘণ্টা বিদ্যুৎ থাকে না।

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সোমবার দুপুরে শহরের আরডি হল প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জের তরুণ যুব ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রাশাসক কার্যালয়ের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জড়ো হয় বিক্ষোভকারীরা।

এ সময় তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।

তিনি জনতার উদ্দেশে বলেন, “বিষয়টি নিয়ে আমরা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি উন্নতি হবে।”

হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার বলেন, “জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে।

“হবিগঞ্জে ১৬ থেকে ১৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও আমরা পাচ্ছি মাত্র ১০ থেকে ১১ মেগাওয়াট। যে কারণে বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে।”

বিক্ষোভে নেতৃত্ব দেওয়াদের একজন বিপ্লব কুমার রায়। তিনি বলেন, “লোডশেডিংয়ের কারণে জীবন অতিষ্ট হয়ে উঠেছি। প্রতি ঘণ্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে। বিদ্যুৎ দুই ঘণ্টা থাকে তো এক ঘণ্টা থাকে না।

“বাসা-বাড়ির ইলেক্ট্রিক জিনিসপত্র নষ্ট হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধারা গরম সহ্য করতে পারছে না। বিদ্যুৎ বিভাগের অদূরদর্শীতার কারণেই এমনটা হচ্ছে।”

আগামী দুই দিনের মধ্যে অবস্থার পরিবর্তন না হলে পিডিবির ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন তরুণ যুব ও সচেতন নাগরিক সমাজের নেতারা।