Published : 24 Sep 2022, 07:04 PM
ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি এ কে এম নাজমুল কাদির জানান, শনিবার ভোরে ওই শিক্ষার্থীকে দিনাজপুরের বাড়ি থেকে আটক করা হয়।
পরে তাজহাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।
গ্রেপ্তার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের একটি বিষয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, “ধর্ম বিষয়টি স্পর্শকাতর। ওই শিক্ষার্থী ফেইসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে উত্তেজনা তৈরি হলে তাকে আটক করা হয়।”
তিনি আরও বলেন, “যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাকে নিরাপদে রাখার জন্যই আটক করা হয়েছে। আটক না করলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো।”
শিক্ষার্থীরা জানায়, গ্রেপ্তার শিক্ষার্থীর মন্তব্যের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর তার বিচারের দাবিতে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।