২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে ঈগলের প্রচারে ইউপি চেয়ার‌ম্যানকে ‘মারধর’, ফাঁকা গুলি

এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল জড়িত বলে অভিযোগ উঠেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2024, 09:03 PM

Updated : 03 Jan 2024, 09:31 PM

কক্সবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে অংশ নেওয়া এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলা ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনার খবর পাওয়া গেছে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় রামুর জোয়ারিয়া নালা মাদ্রাসা গেট এলাকায় এ হামলা হয় বলে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদের অনুসারী জোয়ারিয়া নালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স জানিয়েছেন।

এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল জড়িত বলে অভিযোগ করেছেন প্রিন্স।

ঘটনার বর্ণনায় ইউপি চেয়ারম্যান বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা গেইটে তিনিসহ স্বতন্ত্র প্রার্থীর অন্য সমর্থকরা ঈগল প্রতীকের প্রচার চালাচ্ছিলেন। এ সময় কয়েকটি গাড়ি নিয়ে নৌকার প্রার্থী কমলের নেতৃত্বে কয়েক’শ কর্মী সেখানে যান এবং এক পর্যায়ে কমল গাড়ি থেকে নেমে লাঠি দিয়ে তাকে মারধর শুরু করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে কমল তাকে গুলি করার চেষ্টা করেন।

এ সময় লোকজন তার সামনে এসে দাঁড়ালে কমল তিন রাউন্ড ফাঁকা গুলি করেন এবং তার সঙ্গে থাকা লোকজন হৈ-চৈ করে স্থানীয় লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু উত্তেজিত লোকজন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে।

পরে পুলিশ-বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান স্বতন্ত্র প্রার্থীর এ সমর্থক।

প্রিন্স আরও বলেন, “খবর পেয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন ঘটনাস্থলে আসেন। সাদ্দাম আমার ওপর হামলার প্রতিবাদ জানালে এমপির লোকজন আবারও তিন রাউন্ড ফাঁকা গুলি করে।”

এ বিষয়ে জানতে চাইলে সাদ্দাম বলেন, “জোয়ারিয়া নালা আমার এলাকায় তাই খবর পেয়ে ঘটনাস্থলে যাই। শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ‍নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী নির্বাচনে নেতাকর্মীদের পছন্দ মতে প্রার্থীর পক্ষে কাজ করার অনুমতি দিয়েছেন। ফলে চেয়ারম্যান প্রিন্স তার পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অধিকার রাখেন। এখানে হামলা করাটা অন্যায় হয়েছে।”

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, খবর পাওয়ার তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে নৌকার প্রার্থী সরওয়ার কমলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।