Published : 02 Jul 2023, 02:12 PM
সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় এ বছরের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। উজানের ঢল ও ভারী বর্ষণে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমা ছাড়িয়েছে। প্লাবিত হয়েছে শহরের নিম্নাঞ্চল, ব্যহত হচ্ছে গ্রামীণ যোগাযোগ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত সুনামগঞ্জ বারিপাত স্টেশনে ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। এই ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
তিনি জানান, রোববার সকালে সুরমার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচে ৭.৭২ মিটার উচ্চতায় প্রবাহিত হলেও বেলা ১২টার মধ্যেই তা বিপদসীমা ছাড়িয়েছে।
“বেলা ১২টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ৭.৮৬ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। যা বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপরে।”
পানি উন্নয়ন বোর্ডের আবহাওয়া ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে নির্বাহী প্রকৌশলী মামুন জানান, “আগামী ৪৮ ঘন্টায় উজানের ভারী বর্ষণ ও ঢলে সুনামগঞ্জের সুরমা, পুরাতন সুরমা, যাদুকাটা, কংস নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। “
এদিকে পানি বাড়ায় রোববার সকালে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চল হিসেবে পরিচিত কাজির পয়েন্ট, সাহেববাড়ি ঘাট, নবীনগর, বাজার এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়েছে।
শহরের বাইরেও নিম্নাঞ্চলের অনেক রাস্তাঘাট প্লাবিত হয়ে গ্রামীণ যোগাযোগ ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, মন্ত্রণালয়ে বন্যা পরিস্থিতি ও পর্যবেক্ষণের আপডেট দেওয়া হবে। তবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে মোকাবেলার প্রস্তুতি রয়েছে।