১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেনীতে জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তির সালিশে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, আটক ৩

জমি নিয়ে বিরোধে আগেও একাধিকবার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, হাতাহাতির ঘটনা ঘটেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 07:06 PM

Updated : 25 Oct 2023, 07:06 PM

ফেনীর ছাগলনাইয়ায় জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তির সালিশে ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় পলাশ জানান।

নিহত আব্দুর রউফ (৬৫) ওই গ্রামের নুর আহাম্মদের ছেলে।

নিহতের স্বজন আজাদ পাটোয়ারী জানান, গন্ধব্যপুর গ্রামের মফিজুর রহমান ভূঞার দুই ছেলে মো. মামুন ভূঞা ওরফে মোকসুদুর রহমান ভূঞা (৪৫) ও মো. মিজানুর রহমান ভূঞা ওরফে স্বপন ভূঞার (৪৮) মধ্যে জমি নিয়ে বিরোধ আছে। এ নিয়ে আগেও একাধিকবার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজাদ পাটোয়ারী আরও জানান, ওই বিরোধ মীমাংসার জন্য গত শুক্রবার রাতে মিজানুরদের বাড়ির উঠানে সালিশ বসে। সালিশে গ্রামের সাবেক ইউপি সদস্যসহ স্থানীয় ২০/২২ জন উপস্থিত ছিলেন।

সালিশ চলার এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে এক পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সালিশে থাকা প্রতিবেশি আব্দুর রউফের ওপর হামলা চালায়।

এতে গুরুতর আহত রউফকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সুদ্বীপ রায় পলাশ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাতেই ঘটনাস্থলে গিয়ে স্ত্রীসহ মোকসুদুর রহমান ভূঞা ও আবুল মনসুর নামে তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান বলে জানান ওসি।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]