অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়েছে বলে ভ্রাম্যমামণ আদালত কর্তৃপক্ষ জানায়।
অবৈধভাবে কারখানায় যৌন উত্তেজক ওষুধ, বেবি জেলসহ অন্যান্য সামগ্রী তৈরির দায়ে এনসিপির ফরিদপুর জেলার এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. বায়েজিদ হোসেন শাহেদ (৪০) এনসিপি জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো বলেন, মঙ্গলবার রাতে শহরের গোয়ালচামট এলাকায় এনসিপি নেতা শাহেদের মেসার্স জনতা ল্যাবরেটরিজ কারখানায় অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে সেখানে অবৈধভাবে কারখানাটি পরিচালিত হচ্ছিল। সেখানে শিশুদের বেবি জেল ও বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ওষুধসহ বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ তৈরি হতো।
অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানাটি থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়েছে।
ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি শাহেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে সহকারী কমিশনার ইনসানা তানজীন ইকো বলেন।
এ বিষয়ে এনসিপির ফরিদপুর জেলা কমিটির সদস্যসচিব সাইফ হাসান খাঁন বলেন, “অন্যায়ের সঙ্গে আমাদের আপস নেই। দলীয় কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে কেন্দ্রে জানানো হবে।”
